‘পরলৌকিক প্রলোভনে জঙ্গিরা তরুণদের বিপথগামী করছে’
স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ‘পরলৌকিক প্রলোভন’ দেখিয়ে কিছু সংখ্যক তরুণকে বিপথগামী করছে বলে মন্তব্য করেছেন খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম।
শুক্রবার দুপুরে নগরীর হালিশহরে আনন্দিপুর শিশু একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশ, মানবতা, সংস্কৃতি ও ঐতিহ্যের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল গোষ্ঠী।
“তারাই পরলৌলিক প্রলোভন দেখিয়ে কিছু সংখ্যক তরুণকে বিপথগামী করেছে।”
নীলগিরি খেলাঘর আসর, হালিশহরের বর্ধিত সভায় সিরাজুল ইসলাম বলেন, তরুণদেরকে পরিবার, সমাজ ও দেশ থেকে বিচ্যুত করে দেশি-বিদেশি নাগরিকদের প্রাণনাশের মত ঘটনা ঘটিয়ে যাচ্ছে জঙ্গিরা।
“রাষ্ট্রযন্ত্রকে, দেশের স্বাধীনতাকে হুমকির মুখোমুখি করার কাজে তরুণদের নিমজ্জিত রাখার হীন প্রচেষ্টা অব্যাহত আছে।”
শিশু-কিশোররাই দেশ ও জাতির আগামী দিনের সম্পদ ও সম্ভাবনা বলে মন্তব্য করেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের এই আহ্বায়ক।
“শিশু কিশোররাই দেশ ও জাতির আগামীর সম্পদ ও সম্ভাবনা। দেশপ্রেমিক আগামী প্রজন্মই পারে এই সংকট মোকাবেলা করে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় সামনের দিকে এগিয়ে নিতে।
“দেশের শ্রেষ্ঠ সন্তানদের আর্দশ ও আত্মত্যাগের কথা আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও সাংস্কৃতিক বির্নিমাণে শিশু-কিশোরদের অংশগ্রহণ পারিবারিক ও সামাজিকভাবে নিশ্চিত করতে পারলেই দেশ কখনও মুক্তিযুদ্ধের চেতনা বিচ্যুত হবে না।”
সভায় সমাজসেবক ও নীলগিরি খেলাঘর আসরের আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহ-সভাপতি শিক্ষাবিদ অজিত আইচ, সহ-সভাপতি দিলীপ দাশ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ সোহেল, অর্থ সম্পাদক সাবানা বানু।
অন্যদের মধ্যে সাবেরা শবনম ময়না, সালাউদ্দিন আল মামুন, মনির আহমেদ, শাহীন আক্তার চুবলি, হোসনে আরা মনি, হাফসা খানম, নুর হোসেন, মোহাম্মদ আলী এবং মোহাম্মদ আরিফও বক্তব্য রাখেন।
