২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদবিরোধী ঐক্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান

জঙ্গিবাদবিরোধী ঐক্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির যুব সংগঠন যুব মৈত্রীর চট্টগ্রাম জেলার নেতারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2016, 07:57 PM

Updated : 12 Apr 2022, 02:38 AM

শুক্রবার চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে জঙ্গিবাদবিরোধী এক সমাবেশে যুব মৈত্রী চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শরীফ চৌহান বলেন, “জঙ্গিবাদ এখনই রুখে দিতে হবে। জঙ্গিবাদ মানবতার শত্রু। এই অমানবিক দানবীয় শক্তিকে রুখে দিতে প্রয়োজন দেশপ্রেমিকের ঐক্য। আর সেই ঐক্য বির্নিমাণে যুবকদেরই অগ্রণী ভূমিকা নিতে হবে।”

তিনি বলেন, জঙ্গিবাদীরা খুব সচেতনভাবে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, মানবিকতা ও অসাম্প্রদায়িকতাকে নস্যাত করতে চায়।

“বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি ধ্বংস করে ওরা এখানে পাকিস্তানি ভাবাদর্শ প্রতিষ্ঠা করতে চায়।”

যুব মৈত্রীর জেলা শাখার সাধারণ সম্পাদক কায়সার আলম বলেন, “যুবকদের কর্মসংস্থান, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসনের দাবিতে গড়ে ওঠা যুব-জনতার তীব্র অসন্তোষ নিরসনে যুব সমাজকেই নেতৃত্ব দিতে হবে।”

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার পাশাপাশি জামায়াতের আর্থিক প্রতিষ্ঠানগুলোর জাতীয়করণের দাবি জানান তিনি।

অন্যদের মধ্যে যুব মৈত্রীর সহ-সভাপতি অধ্যাপক শিবু দাস, সাংগঠনিক সম্পাদক নুর নবী, সহ-সাধারণ সম্পাদক শাহজাদা আবদুল্লাহ, সহ-সাধারণ আবুল মনসুর, যুব নেতা আশীষ ভৌমিক ও যুব নেতা মো. মহসীন সমাবেশে বক্তব্য দেন।

সমাবেশের আগে চট্টগ্রাম নগরীর দোস্ত বিল্ডিং এলাকা থেকে জঙ্গিবাদ বিরোধী মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা।  

নগরী রেল স্টেশন, নিউ মার্কেট সড়ক ঘুরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষে হয় সেই মিছিল।