২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার মাধ্যমে বন্ধকী জমি বিক্রি, কারাগারে আইনজীবী

ঋণের বিপরীতে ব্যাংকে বন্ধক রাখা জমি ‘প্রতারণার মাধ্যমে’ বিক্রির মামলায় এক আইনজীবীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2016, 06:37 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

বুধবার গ্রেপ্তারের পর হাজির করা হলে চট্টগ্রামের পঞ্চম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার আইনজীবীর নাম মো. গোলাম ফারুক। তিনি নগরীর চিটাগাং রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজের একজন পরিচালক।

মামলার বাদি লেফটেন্যান্ট কর্নেল (অব.)  মো. ইসমাইল হোসেন ও তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) রুনা আক্তার।

মামলাটির তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রইস উদ্দিন আহমদ।

দুদকের আইনজীবী সানোয়ার আহমেদ লাভলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর বায়েজিদ এলাকায় আইনজীবী গোলাম ফারুক তার মালিকানাধীন জমিটি ২০০৩ সালে ব্যাংকে বন্ধক রাখেন। 

“বন্ধকের বিষয়টি গোপন করেই ২০০৪ সালে তিনি জমিটি দুই বাদির কাছে বিক্রি করেন। তারা সেখানে ভবন নির্মাণ করেন। ২০১৩ সালে ব্যাংক বন্ধকী বিষয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিলে তারা বিষয়টি জানতে পারেন।”

এরপর জমির ক্রেতারা ২০১৪ সালের ১২ অগাস্ট ‘প্রতারণার অভিযোগে’ গোলাম ফারুকের বিরুদ্ধে মামলা করেন।

মামলাটির তদন্তের দায়িত্ব সম্প্রতি দুদকের কাছে যাওয়ার পর বুধবার দুপুরে গোলাম ফারুককে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আইনজীবী সানোয়ার বলেন, আদালতে হাজির করা হলে আসামিপক্ষ জামিনের আবেদন করে। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চট্টগ্রাম আদালতে দুদকের পরিদর্শক ইমরান হোসেন বলেন, নগরীর বায়েজিদ এলাকার ওই জমিটি ২০০৩ সালে সোশ্যাল ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখায় বন্ধক দিয়ে ৫০ লাখ টাকা ঋণ নেন গোলাম ফারুক।

“ওই ঋণের বিপরীতে গোলাম ফারুকের কাছে ব্যাংকের বর্তমান পাওনা তিন কোটি ৮৮ লাখ টাকা।”