২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দোকানে ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ

চট্টগ্রাম শহরের একটি মার্কেটে নিজের দোকানে এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ বস্তাবন্দি অবস্থায় পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2016, 01:57 PM

Updated : 11 Oct 2022, 08:35 PM

নিহত শাহজালাল ফরহাদ (২২) ফেনী জেলার ফুলগাজী উপজেলার সালেহ আহমদ পাটোয়ারীর ছেলে।

রোববার সকালে নগরীর নিউ মার্কেট মোড়ের জলসা মার্কেটের তিন তলার বিসমিল্লাহ কফি হাউস নামের দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নূর আহমদ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে খবর পেয়ে তার মালিকানাধীন দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মিতশ্রী বড়–য়া বলেন, “লাশটি ফোলা ছিল এবং তাতে পচন ধরেছে। অন্তত দুদিন আগে এ হত্যাকাণ্ড ঘটেছে।

“নিহতের শরীরের ওপরের অংশ প্লাস্টিক ও নিচের অংশ চটের বস্তায় মোড়ানো ছিল। মাথার পেছনের অংশ থেতলানো এবং শরীরের কয়েকটি অংশে রক্তের ছোপ ছোপ দাগ দেখা গেছে।”

লাশের পাশ থেকে কয়েকটি মদের বোতল ও বিয়ারভর্তি ও খালি ক্যানও পাওয়া গেছে বলে তিনি জানান।

পাঁচতলা ওই মার্কেটের তৃতীয় তলা থেকে উপরের অধিকাংশ দোকানই গুদামঘর ও থাকার জায়গা হিসেবে ব্যবহৃত হয়। বছরখানেক আগে এর তৃতীয় তলায় কুলিং কর্নারের ব্যবসা শুরু করেন।

নিহতের ছোটভাই রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাল থেকে ভাইয়ের মোবাইল ফোন বন্ধ। সকালে এসে বাইরে থেকে দোকানে তালা দেওয়া দেখি। বোনের বাসা থেকে দোকানের চাবি এনে খুলে দেখি বস্তাবন্দি অবস্থায় লাশটি পড়ে আছে। পরে অন্য দোকানদারদের জানাই।”

তিনিও একই মার্কেটের পঞ্চম তলায় একটি টেইলারিংয়ের দোকানে কাজ করেন।

ওই দোকানে পণ্য সরবরাহকারী পারভেজ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, শনিবার সকালেও দোকানটি খোলা পেয়েছেন তিনি। তার কাছ থেকে পণ্য গ্রহণ করেছেন শাহজালালের বন্ধু মাসুদ।

“আগের দিনের দেওয়া পণ্যের টাকা পরিশোধ না করায় ১০-১৫ মিনিট পর পুনরায় দোকানে এসে দোকান বন্ধ দেখি।”

রাতে টাকার জন্য শাহজালালের মোবাইলে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায় বলেও জানান তিনি।