২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদবিরোধী পাঁচ দিনের কর্মসূচি চট্টগ্রামে

জঙ্গিবাদবিরোধী পাঁচ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2016, 04:44 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ‘জঙ্গিবাদ রুখবেই তারুণ্য’ শীর্ষক এ কর্মসূচির কথা জানান জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

চলতি মাসের ২৬ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)। সভায় মেয়র আ জ ম নাছির উদ্দিন উপস্থিত ছিলেন।

মেজবাহ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসন জঙ্গিবাদবিরোধী পাঁচ দিনব্যাপী এ কর্মসূচি হাতে নিয়েছে।

এতে তরুণদের অংশগ্রহণে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে জঙ্গিবাদবিরোধী পোস্টার লিখন ও বিতর্ক প্রতিযোগিতা, সাইকেল র‌্যালি এবং অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে জঙ্গিবাদবিরোধী সচেতনতা তৈরিতে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিবাদবিরোধী স্লোগান লিখন প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতা, অভিভাবক, শিক্ষার্থী ও বাড়ির মালিকদের নিয়ে গোলটেবিল বৈঠক এবং ইসলামিক ফাউন্ডেশনকে নিয়ে ইমাম সমাবেশও কর্মসূচির মধ্যে আছে।

এছাড়া জনসচেতনতা তৈরিতে পথনাটক, বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ‘তারুণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান এবং তরুণ সমাবেশ হবে পাঁচ দিনের এই আয়োজনে।

সভায় এসব অনুষ্ঠান সফলে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক মেজবাহ।

জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো বিরতির সুযোগ নেই মন্তব্য করে মেয়র নাছির উদ্দিন বলেন, “এ লড়াই সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে চালিয়ে যেতে হবে।”

এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য মন্তব্য করে তিনি বলেন, “মিডিয়া জনমত নির্মাণ করে। তাই জঙ্গিবাদবিরোধী জনমত নির্মাণে মিডিয়াকে এগিয়ে আসতে হবে।”

আ জ ম নাছির বলেন, “বাংলাদেশ যখন দ্রুতগতিতে মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে তখন সে অগ্রগতিকে ঠেকাতে সুক্ষ্ম রাজনীতি চলছে। জঙ্গিবাদ তারই একটি অংশ। এদের পেছনে এদেশেরই কারও না কারও অর্থায়ন আছে।

“আমরা এদেশ থেকে অনেক আগাছা নির্মূল করেছি। জঙ্গিবাদের আগাছাও আমরা নির্মূল করতে পারব।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘জঙ্গিবাদ রুখবেই তারণ্য’ কর্মসূচির সদস্যসচিব সাবেক জেলা পাবলিক প্রসিকিউটর আবুল হাশেম এবং সিসিসির শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান নাজমুল হক ডিউক।