জঙ্গিরা যেন আইনি সহায়তা না পায়: মহিউদ্দিন
জঙ্গিরা যেন কোনো ধরনের আইনি সহায়তা না পায় তা নিশ্চিত করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার বিকালে নগরীর মুরাদপুর মোড়ে ১৪ দল চট্টগ্রামের আয়োজনে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী’ ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা পূর্ব সমাবেশে তিনি এ আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, গ্রেপ্তার হওয়া অনেক জঙ্গি আইনের ফাঁক-ফোঁকর গলে জামিনে বেরিয়ে আসে। তারপর তারা আরও দুর্ধর্ষ জঙ্গি হয়ে ওঠে।
“এরাই এখন জঙ্গিবাদী নেটওয়ার্কে সক্রিয় ভূমিকা পালন করছে।”
আইনজীবীদের উদ্দেশ্যে মহিউদ্দিন বলেন, “গ্রেপ্তার হওয়া জঙ্গিদের কোনো ধরনের আইনি সহায়তা দেওয়া যাবে না। কারণ এরা ইসলাম ও মানবতার শত্রু।”
চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীরা জঙ্গিবাদকে অর্থ যোগানসহ নানাভাবে সহযোগিতা করছে অভিযোগ করে তাদের গ্রেপ্তারের দাবি জানান ক্ষমতাসীন দলের এই নেতা।
তিনি বলেন, “ওই এলাকায় কোনো সিসি ক্যামেরা নেই। তাই নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পুলিশ ও প্রশাসনকে সতর্ক থাকতে হবে।”
সমাবেশে নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, “বঙ্গবন্ধুর একটি মাত্র অঙ্গুলি হেলনে যেমন বাংলাদেশ স্বাধীন হয়েছে, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গুলি হেলনে জঙ্গিবাদের পতন হবে।”
নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদ সেলিম, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, নগর যুবলীগের আহ্বায়ক ফরিদ মাহমুদ ও নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বক্তব্য রাখেন।
সমাবেশে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সুনীল সরকার, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দর ধর, মশিউর রহমান চৌধুরী ও নোমান আল মাহমুদ, জাসদের স্থায়ী কমিটির সদস্য ইন্দু নন্দন দত্ত উপস্থিত ছিলেন।
