২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকচাপায় ট্রাফিক কনস্টেবল নিহত

চট্টগ্রামে গমবোঝাই একটি ট্রাক সঙ্কেত পেয়েও গতি নিয়ন্ত্রণ না করায় নিচে চাপা পড়ে দায়িত্বরত এক ট্রাফিক কনস্টেবলের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2016, 11:42 AM

Updated : 12 Apr 2022, 02:35 AM

নিহত আর জি যোজন অখণ্ড (৪০) নগর পুলিশের  ট্রাফিক বিভাগের পশ্চিম জোনে কর্মরত ছিলেন। তিনি আনোয়ারা উপজেলার বসিন্দা।

বুধবার রাতে হালিশহর নয়াবাজার এলাকায় বৌ বাজার সড়কে এ ঘটনা ঘটে বলে হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, হালিশহর সিএসডি গুদাম থেকে সরকারি গম নিয়ে ট্রাকটি দেওয়ান হাট গুদামে যাচ্ছিল।

“বৌ বাজার সড়ক দিয়ে ট্রাক চলাচল নিষিদ্ধ হওয়ায় দায়িত্বরত কনস্টেবল অখণ্ড ট্রাকটিকে থামার সংকেত দেয়। কিন্তু ট্রাকটি তাকে চাপা দিয়ে যায়।”

নগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক, পশ্চিম) এসএম মোবাশ্বের হোসেন জানান, অখণ্ডকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি প্রণব বলেন, “চালক ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটিয়েছে নাকি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

ঘটনাস্থল থেকে চালক ও সহকারীসহ ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান তিনি।