২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ ব্যক্তিত্বকে হত্যার হুমকিতে চট্টগ্রাম গণজাগরণের বিক্ষোভ

একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেনসহ পাঁচ নাগরিককে হুমকি দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2016, 10:01 PM

Updated : 11 Oct 2022, 08:33 PM

মঙ্গলবার বিকালে নগরীর চেরাগী পাহাড় মোড়ে এ সমাবেশ হয়।

সমাবেশে গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান বলেন, দেশে জঙ্গি হামলায় একের পর এক মুক্তমনা লেখক, শিক্ষক ও চিকিৎসককে হত্যা করা হয়েছে।

“জঙ্গিরা এখন ড. অনুপম সেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হুমকি দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে। আগের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হলে এটা সম্ভব হতো না।”

গণজারগরণ মঞ্চের অন্যতম সংগঠক রাশেদ হাসান বলেন, “শুরু থেকেই আমরা বলেছি দেশে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী হত্যাকাণ্ড চালাচ্ছে। তখন অনেকে নীরব ছিল।

“জঙ্গিরা দেশীয় লেখক-শিক্ষক হত্যা করে এখন বিদেশি নাগরিকদেরও হত্যা করছে। মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠাচ্ছে।”

চট্টগ্রামের পাঁচ নাগরিককে প্রাণনাশের হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয় সমাবেশ থেকে। পাশাপাশি যুদ্ধাপরাধী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়।

সমাবেশে মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, ফজল আহমদ ও হাবিবুর রহমান ইদ্রিস, কবি কামরুল হাসান বাদল, কবি আশীষ সেন, উদীচী জেলা সংসদের সহ-সভাপতি বাদল বরণ বড়ুয়া, সম্মিলিত আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, ছাত্র ইউনিয়নের গোলাম সারওয়ার ও ছাত্রফ্রন্টের রাফিউল ইসলাম বক্তব্য রাখেন।

এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য শাহ আলম, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজুর মুল্লুক, সাংবাদিক ওমর কায়সার, যুবনেতা রুবেল দাশ প্রিন্স, হাবিব বিপ্লব, ছাত্র নেতা আল কাদেরী জয়সহ অন্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়।

২৬ জুলাই বিকালে নগরীর প্রবর্তক মোড়ে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনের কার্যালয়ে এক চিঠি পাঠিয়ে তাকেসহ পাঁচ জনকে হত্যার হুমকি দেওয়া হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অনুপম সেন বর্তমানে বেসরকারি প্রিমিয়ার বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য।

ওই চিঠিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শওকত বাঙালি এবং উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি ও গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্য সচিব চন্দন দাশকেও ‘হত্যার হুমকি’ দেওয়া হয়।