চট্টগ্রাম থেকে মিলছে বহির্গমন ছাড়পত্র
বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে চট্টগ্রাম থেকে বিদেশগামী শ্রমিকদের বহির্গমন ছাড়পত্র ও স্মার্টকার্ড দেওয়া শুরু করছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়।
রোববার চট্টগ্রাম সার্কিট হাউজে বহির্গমন ছাড়পত্র ও স্মার্টকার্ড দেওয়ার কাজ উদ্বোধন করেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
তিনি বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশিদের মধ্যে চট্টগ্রামের ১০ শতাংশ। বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে চট্টগ্রামেই প্রবাসীর হার সবচেয়ে বেশি।
“বিদেশে কাজ করতে গেলে বহির্গমন ছাড়পত্র ও প্রবাসীদের বিস্তারিত তথ্য সম্বলিত স্মার্টকার্ড ঢাকা থেকে গিয়ে আনতে হত, যা ছিল সময়সাপেক্ষ ও ঝামেলার বিষয়। তাই দায়িত্ব নেওয়ার পর থেকে বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে স্মার্টকার্ড ও বহির্গমন ছাড়পত্র প্রদানে কাজ শুরু করি। আজ থেকেই সেটার সুফল চট্টগ্রামবাসী পাবে।”
পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় স্থাপন করা হবে বলেও জানান তিনি। তিনি মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বিদেশে কর্মী পাঠানো বেড়েছে দাবি করে নুরুল ইসলাম বিএসসি বলেন, “এ বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে চার লাখ ১৮ হাজার কর্মী বিদেশে গেছে। বছর শেষে আট লাখ ছাড়িয়ে যাবে।”
কয়েকটি দেশের উপর নির্ভরশীল না হয়ে নতুন শ্রমবাজার অনুসন্ধানের উপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী।
“নতুন শ্রমবাজারের অনুসন্ধান করছি আমরা। এর মধ্যে রাশিয়ায় চারশ শ্রমিক পাঠিয়েছি। অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশে নতুন শ্রমবাজার সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
বর্তমানে ১৬০টি দেশে এক কোটির উপর প্রবাসী রয়েছে বলে জানান মন্ত্রী।
অনুষ্ঠানে মন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশে কর্মরত অবস্থায় মারা যাওয়া শ্রমিকদের লাশ পরিবহনে চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়কে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন।
দক্ষ শ্রমিক পাঠানোর অংশ হিসেবে প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে দেশের ৪০টি উপজেলায় ৪০ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার বলেন, একজন অদক্ষ শ্রমিক যেখানে মাত্র ২০০ ডলার মাসিক বেতনে কাজ করে সেখানে একজন দক্ষ শ্রমিক ৪০০ ডলার থেকে চার হাজার ডলার পর্যন্ত বেতন পেয়ে থাকে।
“আমাদের শ্রমিকদের আমরা দক্ষ করে পাঠাতে পারলে বর্তমান যে রেমিটেন্স আমরা পাচ্ছি সেটার দ্বিগুণ পাওয়া সম্ভব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান, জনশক্তি ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালনক মো. সেলিম রেজা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহল আমিন।
