প্রিমিয়ার ফুটবল লিগ: কড়া নিরাপত্তা চট্টগ্রামে
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চট্টগ্রাম ভেন্যুর খেলার নিরাপত্তা নিশ্চিতে হোটেলের ভেতরে-বাইরে এবং আশেপাশে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার।
শুক্রবার বিকালে সিএমপি সদর দপ্তরে নিরাপত্তার নানা প্রস্তুতি তুলে ধরেন কমিশনার।
রোববার থেকে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলা। স্বাগতিক চট্টগ্রাম আবাহনী লিমিটেডসহ ১২টি দলের মোট ১৮টি খেলা অনুষ্ঠিত হবে এই মাঠে।
ইকবাল বাহার জানান, প্রথমবারের মতো ঢাকার বাইরেও বিভিন্ন ভেন্যুতে এ লিগের খেলা অনুষ্ঠিত হবে। লিগের ১২টি দল মোট ১৮টি ম্যাচ খেলবে চট্টগ্রামে।
লিগে অংশ নেওয়া ১২টি দল চট্টগ্রামের আটটি হোটেলে অবস্থান করার কথা উল্লেখ করে তিনি বলেন, হোটেলগুলোর প্রতিটি ফ্লোরে, বাইরে ও আশেপাশে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।
এছাড়া টিমগুলো খেলার মাঠে ও অনুশীলনে যাতায়াতের সময়ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কথা জানান কমিশনার ইকবাল বাহার।
“স্টেডিয়ামে মোট ২০টি গেইট থাকলেও ১৩টি গেইট বন্ধ রাখা হবে এবং ছয়টি গেইট দিয়ে গ্যালারিতে দর্শক প্রবেশ করবে।”
প্যাভিলয়ন ও ভিইপি গেইট দিয়ে কোনো দর্শক প্রবেশ করতে পারবে না জানিয়ে সিএমপি কমিশনার বলেন, গেইটগুলোতে আর্চওয়ে বসানোর পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
তিনি জানান, গেইটগুলোতে দর্শকের টিকিট চেক করবে বিএনসিসি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।
সাংবাদিক ছাড়া কোন দর্শক মাঠে ও গ্যালারিতে ল্যাপটপ ও অন্যকোনো ব্যাগ বহন করতে দেওয়া হবে না জানিয়ে ইকবাল বাহার বলেন, “কোন দর্শক মোবাইল ছাড়া ল্যাপটপ, পানির বোতল ও অন্যকোনো খাবার নিয়ে মাঠে প্রবেশ করতে পারবে না। সাংবাদিকরা তাদের নির্ধারিত স্থানে ল্যাপটপগুলো ব্যবহার করবে।”
দর্শক গ্যালারিতে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ন্যায্যমূল্যে খাবার দোকান বসানো হবে বলেও জানান তিনি।
“খেলার সময় নিরাপত্তার জন্য পুলিশ, র্যাবের পাশাপাশি এবিপিএন, আনসারের পাশাপাশি রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে; এজন্য চট্টগ্রামের বাইরে থেকেও পুলিশ ফোর্স আনা হয়েছে।”
সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদুল হাসান ছাড়াও বিভিন্ন জোনের উপ-কমিশনার ও অতিরিক্ত উপ-কমিশনার ছাড়াও পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
