২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের কারাদণ্ডে চট্টগ্রামে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

মুদ্রা পাচার মামলায় তারেক রহমানকে উচ্চ আদালতের দেওয়া কারাদণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করেছে বিএনপিপন্থি আইনজীবীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 09:33 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে এ মিছিল ও সমাবেশ করেন তারা।

মুদ্রা পাচারের একটি মামলায় নিম্ন আদালত থেকে খালাস পেলে বৃহস্পতিবার ঘোষিত উচ্চ আদালতের রায়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সাত বছর কারাদণ্ড হয়।

নিম্ন আদালতের বিচারককে প্রভাবিত করে তারেক মামলাটিতে খালাস পেয়েছিলেন বলে রায় ঘোষণার সাংবাদিকদের কাছে দাবি করেন আইনমন্ত্রী আনিসুল হক।

নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে হাই কোর্ট বলেছে, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে ‘রাজনৈতিক ঢাল’ ব্যবহার করে ‘সচেতনভাবে’ আর্থিক অপরাধে জড়িয়েছিলেন।

তবে তারেক রহমানকে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে সরকার ‘উদ্দেশ্যে প্রণোদিতভাবে’ উচ্চ আদালতকে ব্যবহার করেছে বলে চট্টগ্রামে বিএনপিপন্থি আইনজীবীদের সমাবেশে মন্তব্য করেন বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

সমাবেশে সাবেক পর্যটন ও বিমান প্রতিমন্ত্রী মীর নাছির বলেন, নিম্ন আদালত সব সাক্ষী ও দালিলিক প্রমাণাদি পর্যালোচনা করে তারেক রহমানের বিরুদ্ধে অনিয়মের কোনো প্রকার উপাদান না থাকায় তাকে বেকসুর খালাস প্রদান করেছিল।

“অথচ আজ আওয়ামী লীগ সরকার রাজনৈতিক হীন উদ্দেশ্যে উচ্চ আদালতকে প্রভাবিত করে নিম্ন আদালতের রায় পরিবর্তন করেছে।”

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার বক্তব্য রাখেন।

এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি এম এ হালিম, অধ্যাপক ইউনুছ চৌধুরী, নুর মোহাম্মদ, মহানগর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক নাজিমউদ্দীন চৌধুরীসহ ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।