জঙ্গিবাদ বিষয়ক সচেতনতায় সেমিনার ইডিইউতে
রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েক ছাত্রের নাম আসার পর শিক্ষার্থীদের সচেতন করতে সেমিনার করেছে চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)।
বৃহস্পতিবার বিকালে নগরীর প্রবর্তক মোড়ে বিশ্ববিদ্যালয়ের বর্ধিত একাডেমিক ভবনে ‘তোমার সচেতনতাই পারে তোমাকে নিরাপদ রাখতে’ শিরোনামে এ সেমিনার হয়।
সেমিনারে সাম্প্রতিক জঙ্গি হামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জড়িয়ে পড়া, নিজেদের সচেতনতা, পারিবারিক পরিস্থিতি ও পাঠ্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা করেন শিক্ষার্থীরা।
ইডিইউ’র শিক্ষার্থী রাফসান মাহবুব বলেন, তরুণরা কেন লেখাপড়া ছেড়ে বিপথে যাবে? তাদের কি কেউ এসব কাজে উদ্ধুদ্ধ করছে?
“আমি মনে করি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টার্গেট করে তাদের অন্য পথে নিয়ে যাওয়া হচ্ছে। যা এখনই ঠেকাতে হবে। এজন্য পারিবারিক বন্ধনের ওপর বেশি জোর দিতে হবে।”
শিক্ষার্থী নাঈমুদ্দিন বলেন, ধর্মীয় শিক্ষাটা এক্ষেত্রে বিশেষ জরুরি। কারণ ধর্মের অপব্যাখ্যার মাধ্যমেই ছাত্র-ছাত্রীদের ভুল বোঝানো হচ্ছে। এতে অনেকে বিভ্রান্ত হচ্ছে।
তাসফিয়া তাবাসুম নামের এক ছাত্রী বলেন, একজন মানুষের জন্য কেন পুরো পরিবার-শিক্ষা প্রতিষ্ঠান দোষারোপের শিকার হবে। যে বিপথগামী হচ্ছে সে কিভাবে ভুল করছে তা জানা জরুরি।
মারিয়া ইরফাত নামের আরেক ছাত্রী বলেন, বাংলা মাধ্যমের স্কুলে ইসলাম শিক্ষা কোর্স চালু আছে। অন্য মাধ্যমেও এ ধরনের কোর্স চালু করা গেলে শিক্ষার্থীরা সচেতন হবে এবং ধর্মের সঠিক ব্যাখ্যা জানবে।
বিশৃঙ্খলাপূর্ণ কাজ থেকে তরুণদের দূরে রাখতে সচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করেন শিক্ষার্থী সারতাজ সাকিব।
“তারা ইতিবাচক সাফল্যের জন্য কাজ করে চলেছে। এ বিষয়ে অভিভাবকরাও আমাদের অনেক সহযোগিতা করছেন।”
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শামস উদ দোহা, অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, শাফায়েত চৌধুরী, মোহাম্মদ আসাদুজ্জামান ও ইশতিয়াক আজিজ উপস্থিত ছিলেন।
