জঙ্গিবাদ রুখতে সাধারণ মানুষের ঐক্যের ডাক চট্টগ্রামে
জঙ্গিবাদ রুখতে সাধারণ মানুষের ঐক্যের মাধ্যমে জাগরণের ডাক দেওয়া হয়েছে চট্টগ্রামের এক কর্মসূচি থেকে।
বুধবার বিকালে ‘ধর্মের নামে মানুষ হত্যা বন্ধের’ ডাক দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পদযাত্রা ও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি থেকে এ জাগরণের ডাক দেওয়া হয়।
জেগে ওঠো বাংলাদেশ’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে চট্টগ্রামের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পদযাত্রার শুরুতে দেওয়া বক্তব্যে কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, “একাত্তরে ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী ধর্মের নামে মানুষ হত্যা করেছে, এখন জঙ্গিবাদী গোষ্ঠী ধর্মের দোহাই দিয়ে হামলা করে সাধারণ মানুষসহ বিদেশি নাগরিক হত্যা করছে।
“এর বিরুদ্ধে একাত্তরের মতো মুক্তিযুদ্ধের চেতনায় সংগ্রাম শুরু করে সাধারণ মানুষের ঐক্যের জাগরণ ঘটিয়ে তা অব্যাহত রাখতে হবে। আমাদের ঐক্যের ভিত্তি হবে গণতন্ত্র, মানবতা, মানবাধিকার, অসাম্প্রদায়িকতা ও আইনের শাসন।”
একাত্তর পূর্ববর্তী সাম্প্রদায়িক শক্তি আবারও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব খামচে ধরেছে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত।
“জঙ্গিবাদ ও মৌলবাদী গোষ্ঠীকে রুখতে অতীতের ভুল-ভ্রান্তি পেছনে ঠেলে নিজেদের আদর্শিক ধারার রাজনীতির ধারা অব্যাহত রেখে রাজনৈতিক দল ও নাগরিক সমাজসহ সকল শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।”
গুলশান-শোলাকিয়াসহ দেশব্যাপী পুরোহিত, ইমাম, ভিক্ষু ও নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পদযাত্রা শেষে সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে জঙ্গিবাদের অন্ধকারের শক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার শপথ নিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
সমাবেশে অন্যদের মধ্যে নারীনেত্রী নুরজাহান খান, মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, সুভাষ বড়ুয়া, দেলোয়ার মজুমদার, সিপিবি চট্টগ্রাম জেলা সভাপতি মৃণাল চৌধুরী, আইনজীবী আখতার কবীর চৌধুরী, উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি চন্দন দাশ, জেলা সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়কারী শরিফ চৌহান, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, শিক্ষকনেতা উত্তম চৌধুরী বক্তব্য রাখেন।
কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেয় গ্রুপ থিয়েটার ফেডারেশন, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, খেলাঘর, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
