২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে দুইদিনের বিশেষ অভিযান ‘আইরিন’ শেষ

মাদক, অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান রোধে চট্টগ্রাম বন্দরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিশেষ অভিযান ‘আইরিন’ শেষ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2016, 09:47 PM

Updated : 11 Oct 2022, 08:31 PM

পুরনো খবর:

অস্ত্র-মাদক চোরাচালান রোধে বিশেষ অভিযান চট্টগ্রাম বন্দরে
বিশেষ অভিযানে শুল্ক গোয়েন্দারা

মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে দ্বিতীয়দিনের মতো বিজিবি’র ডগ স্কোয়াড, চট্টগ্রাম কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের সহায়তায় এ তল্লাশি চালানো হয়।

চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক শামীমুর রহমান জানান, মঙ্গলবার বন্দরের চারটি শেড এবং একটি পণ্যবাহী জাহাজে তল্লাশি চালানো হয়।

দুইদিনের অভিযানে বন্দরের অভ্যন্তরে সন্দেহজনক কোনো পণ্যের সন্ধান মেলেনি বলেও জানান তিনি।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তা শামীমুর বলেন, চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করে এখন অস্ত্র-গোলাবারুদ বা মাদক চোরাচালান হচ্ছে না।    

চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে শুল্ক গোয়েন্দাসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সার্বক্ষণিক নজরদারি আরও জোরদার রাখা হবে বলেও জানান তিনি।

এ অভিযানের আওতায় সোমবারও বন্দরের সিএফএস শেডে বিজিবি’র ডগ স্কোয়াডের সহায়তায় এ তল্লাশি অভিযান চলে।

ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) এর গোয়েন্দা শাখার উদ্যোগে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৩৩টি দেশের সীমান্ত এবং নৌ, সমুদ্র ও বিমানবন্দরগুলোতে ৮ থেকে ২৩ জুলাই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশেও ৮ জুলাই থেকে বিশেষ এই নিরাপত্তা অভিযান শুরু হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার থেকে তিনদিন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও বিশেষ এ নিরাপত্তা তল্লাশি চলে।

এনফোর্সমেন্ট কমিটি অফ দ্য কাস্টমস কোঅপারেশন কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী দুই সপ্তাব্যাপী ‘অপারেশন আইআরইএনই’ চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের অধীন রিজিওনাল ইন্টেলিজেন্স লিয়াজোঁ অফিস ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (রাইলো এপি) সার্বিকভাবে চলমান অভিযান সমন্বয় করছে।