জঙ্গিবাদ রুখতে চট্টগ্রামে গণপদযাত্রা করবে ১৪ দল
জঙ্গিবাদী তৎপরতা রুখতে চট্টগ্রামে গণপদযাত্রা কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।
২১ জুলাই থেকে এ গণপদযাত্রা কর্মসূচি শুরু হবে বলে মঙ্গলবার এক কর্মী সম্মেলনে জানিয়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, গণপদযাত্রার পাশাপাশি জঙ্গিবাদের কুফল সম্পর্কে জানিয়ে গণসংযোগও করা হবে নগরীর ৪৪টি ওয়ার্ডে।
“৪৪টি সাংগঠনিক ওয়ার্ডে জঙ্গিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ কমিটি গঠন করবে আওওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে নিয়ে আমরা আরেকটা মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিচ্ছি।”
জনগণকে সংগঠিত করে বাংলাদেশকে জঙ্গিবাদমুক্ত করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতা।
১৪ দলের কর্মী সম্মেলনে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, জঙ্গিদের ঘরে-বাইরে প্রতিরোধ করতে। ইসলামের নামে এরা যে ইসলামের ক্ষতি করছে সেটা জনগণকে বোঝাতে হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, অসাম্প্রদায়িকতার ভিত্তির উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। জঙ্গিবাদ এদেশে কখনও শেকড় গাঁড়তে পারবে না।
সম্মেলন পরিচালনা করেন ১৪ দলের শরিক দল তরীকত ফেডারেশনের চট্টগ্রাম জেলা আহবায়ক কাজী আহসানুল মোর্শেদ কাদেবী ও জাতীয় পার্টি (জেপি) চট্টগ্রাম মহানগর আহবায়ক আজাদ দোভাষ।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ইন্দ নন্দন দত্ত, ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা সম্পাদক আবু হানিফ, গণতন্ত্রী পার্টি জেলা সাধারণ সম্পাদক তাজের মুল্লুক ও সাম্যবাদী দলের জেলা আহবায়ক অমূল্য বড়ুয়া।
