গবেষকদের গতানুগতিকতা ছাড়তে পরামর্শ
যে কোনো গবেষণাকে সমৃদ্ধ করতে গতানুগতিকার বাইরে এসে ভিন্ন চিন্তাকে কাজে লাগাতে আহ্বান জানানো হয়েছে চট্টগ্রামে একটি আন্তর্জাতিক সেমিনারে।
মঙ্গলবার ‘দ্যা প্র্যাকটিস অব পাইওনিয়ার এন্ডিডিসিপ্লিনারি মাইন্ডসেট অব ডিজাইন থিংকিং’ শিরোনামে এ সেমিনারটি আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট-ডেল্টা ইউনিভার্সিটি। নগরীর প্রতর্বক মোড়ের ক্যাম্পাসে এ সেমিনারটি অনুষ্টিত হয়।
সেমিনারে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) মিডিয়া ল্যাবের গবেষক নাজমুস সাকিব ও হাভার্ড স্কুল অব বিজনেসের গবেষক দিনী ফাতিহা বক্তব্য রাখেন।
নাজমুস সাকিব বলেন, এন্টিডিসিপ্লিনারি বিষয়টি একেবারেই নতুন। মানুষ সবসময় মাল্টিডিসিপ্লিনারি বিষয়টির সঙ্গে পরিচিত।
“গতানুগতিক চিন্তাধারার কারণে আমাদের আচরণ ও সংস্কৃতি একটি গণ্ডির মধ্যে আটকে যাচ্ছে। গবেষণায় একাধিক অভিজ্ঞদের চিন্তাকে কাজে লাগালে নতুন কিছু বেরিয়ে আসা সম্ভব।”
সোশ্যাল সাইন্স ও ইঞ্জিনিয়ারিং প্রজেক্টগুলোতে একাধিক অভিজ্ঞ মানুষকে কাজে লাগানো যায়, বলেন তিনি।
সঠিক ফলাফল বের করে আনতে গবেষণার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ভিন্ন কৌশলে চিন্তাকে কাজে লাগালে যে কোনো গবেষণা সমৃদ্ধ হয়।
সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্ট-ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান, ট্রেজারার অধ্যাপক শামস উদ দোহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসাইন, রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াহিয়া আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন ইস্ট-ডেল্টা ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ নাজিম উদ্দিন ও বিশ্ববিদ্যায়টির ডিরেক্টর এন্ড প্ল্যানিং শাফায়েত হোসেন।
