২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারিতে অনলাইনভিত্তিক ‘ইএমএস’ চালু

চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে নজরদারিতে আনতে অনলাইনভিত্তিক ‘এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (ইএমএস) চালু করেছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 10:41 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের সভাকক্ষে এ সিস্টেমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন।

প্রাথমিকভাবে নগর ও জেলার মোট ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এ সিস্টেমের আওতায় নিয়ে এসেছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন বলেন, “পূর্ণ নজরদারির আওতায় থাকার ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রকৃত চিত্র আমরা পাব। সুষ্ঠু তদারকির ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক মানেরও উন্নয়ন ঘটবে।”

চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, “অনেক সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমাদের বিপরীত চিত্র দেওয়া হয়। ইএমএস প্রকৃত চিত্র দিয়ে আমাদের সে সমস্যা থেকে মুক্ত করবে।

“একটা সিঙ্গেল প্ল্যাটফরম থেকে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নজরদারির আওতায় আনা যাবে; ফলে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকবে।”

ইএমএস’র কারিগরী সহযোগিতায় আছে স্পেকট্রাম আইটি সলিউশন লিমিটেড।

স্পেকট্রাম আইটি সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ সিস্টেমের আওতায় বায়োমেট্রিক পদ্ধতিতে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা হবে। পাওয়া যাবে কোন স্কুলে কতজন শিক্ষার্থী কতদিন ধরে অনুপস্থিত রয়েছে তার চিত্রও।

“ইএমএস’র আওতায় থাকা যে কোনো অভিভাবক চাইলে তার নিজস্ব ইউজার আইডি দিয়ে ইএমএস সিস্টেমে প্রবেশ করে সন্তানের পড়াশুনার সার্বিক অগ্রগতির রিপোর্ট দেখতে পারবেন।”

এছাড়াও প্রত্যেক শিক্ষার্থীর সব তথ্য নিয়ে থাকবে স্টুডেন্ট পোর্টাল। ইএমএসে বেতন-ফিও পরিশোধ করা যাবে বলে জানান আবদুল্লাহ আল মামুন।  

তিনি বলেন, স্কুলে থাকা ডিভাইস শিক্ষার্থীদের বায়োমেট্রিক ছাপ গ্রহণ করার সাথে সাথে অভিভাবকদের মোবাইল ফোনে এসএমএম’র মাধ্যমে শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করবে।

নগরীর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলা প্রশাসকের কথা হয়েছে। সরকারি স্কুলগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এ প্রকল্পের আওতায় আনা হবে বলে আমাদের জানিয়েছেন।”