২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঘর থেকে দম্পতির লাশ উদ্ধার

চট্টগ্রামের চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় একটি বাসা থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2016, 09:49 PM

Updated : 20 Aug 2022, 01:12 PM

শুক্রবার রাতে তাদের লাশ উদ্ধার করা হলেও শনিবার বিষয়টি জানাজানি হয়।

নিহতরা হলেন, বিপুল মিয়া (২১) ও তার স্ত্রী লিমা বেগম (১৯)। তারা দুজনই বিসিক শিল্প এলাকার ওয়েল ফ্যাশন নামে একটি পোশাক কারখানার কর্মী ছিলেন।

বিপুল গাইবান্ধা জেলার আশরাফ আলীর ছেলে ও লিমা পটুয়াখালীর সেলিম হাওলাদারের মেয়ে।

পুলিশের ধারণা, অসুস্থ হয়ে স্বামী মারা যাওয়ার পর স্ত্রী লিমা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

চান্দগাঁও থানার ওসি মো. শাহজাহান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুরে মোবাইলে বিপুল ও লিমাকে না পেয়ে তাদের পরিবারের সদস্যরা বাসায় খোঁজ করতে আসে।

“পরে সন্ধ্যার দিকে তারা টিন শেড বাসার দরজা খুলে মেঝেতে বিপুলের লাশ এবং সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় লিমার লাশ দেখতে পায়।”

নিহতদের পরিবারের সদস্যদের উদ্ধৃত করে ওসি শাহজাহান কবির বলেন, তিন মাস আগে বিপুল ও লিমা প্রেম করে বিয়ে করে। তাদের দুজনের পরিবারও একই এলাকার বাসিন্দা।

“মাস দুয়েক আগে শমসের পাড়ার বাদশা কলোনিতে বাসাটি ভাড়া নেয় নব দম্পতি।”

গত তিন-চারদিন ধরে বিপুল নিম্ন রক্তচাপে ভুগছিল জানিয়ে ওসি শাহজাহান বলেন, স্থানীয় একটি ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খেয়েছিল বিপুল।

“বৃহস্পতিবার রাতে বিপুলের বাসা থেকে ভাত খেয়ে তারা নিজেদের ভাড়া বাসায় আসে। এরপর শুক্রবার দুপুরে খেতে না গেলে তাদের খোঁজ শুরু করে পরিবার।”

বিপুলের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না জানিয়ে ওসি শাহজাহান বলেন, উদ্ধারের সময় বিপুলের মাথা ভেজা ছিল।

“ধারণা করছি বিপুল অসুস্থ হয়ে পড়লে তার স্ত্রী হয়তো মাথায় পানি ঢেলেছিল। বিপুল মারা যাওয়ার পর হয়তো লিমা আত্মহত্যা করেছে।”

লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালের পাঠানো হয়েছে।