২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অটোচালকের হত্যাকারী ২ জনের ফাঁসি কার্যকর

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই কয়েদির রায় কার্যকর করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2016, 01:04 AM

Updated : 12 Apr 2022, 02:26 AM

এক অটোরিকশা চালককে হত্যার দায়ে ফাঁসি কার্যকর হওয়া দুই কয়েদি মো. শহীদুল্লাহ ও সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল আদালত।

মঙ্গলবার রাত ১২টা ০১ মিনিটের পর পর্যায়ক্রমে এই দুই আসামির ফাঁসির রায় কার্যকর করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।

২০০৪ সালের ১৯ মে রেজাউল করিম ওরফে আজিজ নামে ওই অটোরিকশা চালককে হত্যা শহীদুল্লাহ ও সাইফুলসহ মোট তিনজন মিলে হত্যা করে।

কারাগার কর্তৃপক্ষের দেওয়া তথ্যে জানা যায়, ওইদিন রাতে অটোরিকশা চালক আজিজকে মিরসরাই থেকে ফটিকছড়ির দাঁতমারা যাওয়ার জন্য ভাড়া করে শহীদুল্লাহ ও সাইফুলসহ তাদের আরেক সহযোগী মীর হোসেন।

ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের জলন্তি রাবার বাগানে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে তারা।

এ ঘটনায় নিহতের ভাই মিয়াধন বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ এ ঘটনায় শহীদুল্লাহ, সাইফুল ও মীর হোসেনকে গ্রেপ্তারের পর তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পরের বছরের ২৯ নভেম্বর চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আব্দুর রহমান পাটোয়ারি আসামি সাইফুল ও শহীদুল্লাহকে মৃত্যুদণ্ড এবং মীর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

আসামিরা উচ্চ আদালতে আবেদন করার পর তা খারিজ হয়ে যাওয়ায় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানান।

সেই আবেদন নাকচ হওয়ার পর মঙ্গলবার রাতে দুই আসামির রায় কার্যকর করা হয়।