২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাজারে জোড়া খুন: জেএমবি সদস্যের বিচার শুরু

চট্টগ্রামে শেরশাহ বাংলাবাজার এলাকায় কথিত ফকিরের আস্তানায় দুজনকে গলাকেটে হত্যা মামলায় এক জেএমবি সদস্যের বিচার শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2016, 10:57 PM

Updated : 11 Oct 2022, 08:30 PM

পুরনো খবর:

ফকিরের আস্তানায় জোড়া খুনেও জেএমবি?
ফকিরের আস্তানায় জোড়া খুন: আসামি কেবল জেএমবির সুজন

চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহেনূর গত ২৩ জুন জেএমবি সদস্য সুজন ওরফে বাবুর (২৮) বিরুদ্ধে অভিযোগ গঠন করলেও বিষয়টি মঙ্গলবার জানা যায়।

এ ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক আইনের দুটি মামলাতেই আগামী ২৬ জুলাই সাক্ষ্যের দিন রাখা হয়েছে বলে আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) ফখরুদ্দিন চৌধুরী জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুটি মামলাতেই ২৫ জনকে সাক্ষী করা হয়েছে। আগামী ২৬ জুলাই শুনানিতে মামলার বাদীর সাক্ষ্য নেওয়া হবে।

২৩ জুন জেএমবি সদস্য সুজনকে আদালতে হাজির করা হয়েছিল বলে জানান তিনি।

ওই দিন সুজন নিজেকে নির্দোষ দাবি করেন জানিয়ে পিপি বলেন, “হত্যা মামলায় কোনো আইনজীবী নিয়োগ করবে কি না জানতে চাইলে সে না সূচক জবাব দেয়।”

সুজন কোনো আইনজীবী নিয়োগ না দিলে আইন অনুসারে রাষ্ট্রপক্ষ তার জন্য একজন আইনজীবী নিয়োগ করবে বলে জানান পিপি ফখরুদ্দিন চৌধুরী।

“তার হয়ে ওই আইনজীবী মামলাটি পরিচালনা করবেন।”

মামলার তদন্ত কর্মকর্তা সন্তোষ চাকমা গত ৭ মার্চ আদালতে ওই দুই মামলার অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে জেএমবি সদস্য সুজনকেই আসামি করা হয়।

এছাড়া ঘটনার দিন বায়েজিদ এলাকা থেকে আটক আবদুল মান্নান ওরফে মনাকে (৪০) অব্যাহতির সুপারিশ করা হয় অভিযোগপত্রে।

সুজন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার হরিণদিয়া মাদ্রাসাপাড়া গ্রামের মোমিনুল ইসলামের ছেলে।

Image
জেএমবি সদস্য সুজন ওরফে বাবু

জেএমবি সদস্য সুজন ওরফে বাবু

তার বিরুদ্ধে চট্টগ্রামের আকবর শাহ ও কর্ণফুলী এবং ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় মোট পাঁচটি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।

গত বছরের ৪ সেপ্টেম্বর দুপুরে বায়েজিদ থানার শেরশাহ বাংলাবাজারের পূর্বাচল এলাকায় ‘লেংটা মামু’র মাজারে দুজনকে গলাকেটে হত্যা করা হয়।

নিহতরা হলেন- মাজারের ফকির রহমত উল্লাহ (৬০) এবং তার খাদেম মো. আব্দুল কাদের (৩০)।

এসময় স্থানীয়রা ধাওয়া করলেও হাতবোমা ফাটিয়ে পালিয়ে যায় খুনি।

এ ঘটনার পর গত বছরের ৫ অক্টোবর নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সামরিক শাখার প্রধানসহ পাঁচজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গত বছরের ২৩ সেপ্টেম্বর নগরীর সদরঘাটে ছিনতাই ও খুনের ঘটনার তদন্তে গিয়ে পুলিশ ওই পাঁচ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে।

তাদের জিজ্ঞাসাবাদ চলাকালে এক জেএমবি সদস্য ফকিরের আস্তানায় খুনের ঘটনায় সুজনের সম্পৃক্ততার বিষয়টি পুলিশকে জানায়।

মাজারে খুনের ঘটনায় নিহত খাদেমের ভাই নুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। ঘটনার সময় বোমা বিস্ফোরণ ঘটানোয় ওই মামলায় বিস্ফোরক আইনের ধারাও সংযুক্ত করে পুলিশ।