গুলশানে হামলার প্রতিবাদ চট্টগ্রামে
গুলশানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) এ মানববন্ধন ও সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা যাবেনা। যারা ধর্মের নামে সন্ত্রাস করে, মানুষ খুন করে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধংস করতে চায় তারা জাতির শত্রু।
সমাবেশে বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, সন্ত্রস ও জঙ্গিবাদ নির্মূল করতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে এ কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, বিএফইউজে সহ-সভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য, চট্টগ্রাম বিশ্বাবদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি বেনু কুমার দে, সাবেক সাধারণ সম্পাদক ও ডিনস কমিটির চেয়ারম্যান সেকান্দর চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ ইফতেকার সাইমুল চৌধুরীসহ বিভিন্ন সাংবাদিক ও সংগঠনের নেতারা।
