২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে বেশি মুনাফা ঠেকাতে মাংসের দাম ঠিক করে দিয়েছে প্রশাসন

ঈদকে সামনে রেখে মাংস ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা নেওয়ার অভিযোগের প্রেক্ষাপটে মাংসের দাম নির্ধারণ করে দিয়েছে চট্টগ্রামে জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2016, 09:45 PM

Updated : 20 Aug 2022, 01:08 PM

রোববার নগরীর রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে এক সভায় এ দাম নির্ধারণ করে দেওয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের উদ্যোগে এ সভা হয়।

তাহমিলুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদকে সামনে রেখে ওজনে কম দেওয়া, অতিরিক্ত মুনাফাসহ বেশ কয়েকটি অভিযোগ আমরা পেয়েছি।

এসব অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসন মাংস ব্যবসায়ীদের সাথে বৈঠক করে গরু, ছাগল ও মুরগির মাংসের দাম নির্ধারণ করে দিয়েছে। যারা এর অন্যথা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় গরুর রানের মাংস হাড়ছাড়া ৫৫০ টাকা, হাড়সহ ৪০০ টাকা। মহিষের রানের মাংস হাড়ছাড়া ৫০০ টাকা ও হাড়সহ ৩৮০ টাকা কেজিপ্রতি নির্ধারণ করে দেওয়া হয়।

খাসির মাংস ৬০০ টাকা, ছাগির মাংস ৫০০ টাকা, ভেড়ার মাংস ৪৫০ টাকার মধ্যে বিক্রি করতে মাংস ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

এছাড়াও দেশি মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকা, লেয়ার মুরগি ২২০ টাকা, সোনালী মুরগি ২৩০ থেকে ২৪০ টাকায় বিক্রির নির্দেশ দেয় জেলা প্রশাসন।

তাহমিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছোট একটা ঝুলানো বোর্ডে কোনটা গরু ও কোনটা মহিষের মাংস সেটা স্পষ্ট লেখা থাকতে হবে।

এ নির্দেশনার বাইরে কোনো ব্যবসায়ী গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেন তিনি।