পাহাড় ধস বন্ধে বসতি স্থাপনকারীদের আবাসন ব্যবস্থার তাগিদ
চট্টগ্রাম নগরীতে পাহাড় ধস বন্ধে আইনের যথাযথ প্রয়োগ এবং পাহাড়ে বসতি স্থাপনকারীদের জন্য সরকারিভাবে আবাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছে বিশেষজ্ঞরা।
বুধবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘পাহাড় ধস ব্যবস্থাপনা ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে এসব সুপারিশ উঠে আসে।
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), কারিতাস-চট্টগ্রাম অঞ্চল ও পিপলস ভয়েস যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে পবা’র চেয়ারম্যান আবু নাছের খান বলেন, পাহাড় ধস ও প্রাণহানি বন্ধে সবাই সমাধান চায়। কিন্তু কোন পথে তাতেই জট লেগে আছে।
“চট্টগ্রাম শহরের অস্তিত্ব এখন হুমকির মুখে। পাহাড় ও পাহাড়ের প্রাকৃতিক বন এবং কর্ণফুলী না থাকলে চট্টগ্রাম মৃত নগরীতে পরিণত হবে। নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই পাহাড় রক্ষা করতে হবে।”
পাহাড় রক্ষায় আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান এ বি এম আবু নোমান।
নোমান বলেন, “পাহাড় রক্ষায় দেশে উপযুক্ত আইন আছে। আইন প্রয়োগ যথাযথভাবে করলেই পাহাড় রক্ষা সম্ভব। আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গণেশ চন্দ্র রায় বলেন, “বর্ষা এলেই পাহাড় ব্যবস্থাপনা কমিটি পাহাড়ের আশেপাশে ঘোরাফেরা করে। বৃষ্টি শেষ হলেই চলে যায়। সুপারিশ বাস্তবায়নের তাদের সচেষ্ট হতে হবে।”
সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের সহযোগী অধ্যাপক মো. ইদ্রিস আলী বলেন, “চট্টগ্রামে পাহাড় ধস হয় না, পাহাড় ধস করানো হয়। চট্টগ্রামের নান্দনিকতা শেষ করে এখন আমরা তলানিতে আছি। চট্টগ্রামের প্রায় শ’খানেক পাহাড় এখন রুগ্ন।
“ডিসি হিলকে বাঁচাতে প্রশাসকরা যেভাবে সক্রিয় অন্য পাহাড় বাঁচাতে ততটা নন। চাকরির দায়ে তারা চট্টগ্রামে আসেন যান।”
“এরকম আরও অনেক আছে। কিন্তু যারা জেলে যায় তারা শ্রমিক। পাহাড়ের কোনো মালিক আজ পর্যন্ত জেলে যায়নি।”
আলী আশরাফ বলেন, “মতিঝর্ণার পাহাড় রেলের সম্পত্তি। রেলওয়ের ৫০০ একর জমি বেদখল হয়ে আছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা এদেশেরই মানুষ। তারা জীবনের প্রয়োজনে নগরে আসে।
“রেলওয়ে দখল হওয়া ৫০০ একর জমির মধ্যে শুধু ২৫ একর জমিতে বহুতল ভবন নির্মাণ করে পাহাড়ে বসবাসকারীদের পুর্নবাসন করতে পারে। সব সরকারি সংস্থা এ ধরনের উদ্যোগ নিলে পাহাড় রক্ষা সম্ভব। কিন্তু কেউই এসব প্রস্তাব বাস্তবায়নে উদ্যোগ নেয়নি।”
পাহাড় ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম না থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার।
তিনি বলেন, “২০০৭ এর ১১ জুনের পর গঠিত পাহাড় ব্যবস্থাপনা কমিটির কথা আমরা ভুলেই গেছি। কারণ তাদের কোনো কার্যক্রম নেই। অতি ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো আগে ঝুঁকিমুক্ত করতে হবে।
“রাজনৈতিক সদ্দিচ্ছা ও নৈতিক সাহস দরকার। পাহাড়ের পাদদেশ থেকে বস্তিবাসীকে সরালে তাদের জন্য স্বল্প ভাড়ায় সরকারি ব্যবস্থাপনায় আবাসনের ব্যবস্থা করতে হবে।”
সেমিনারে সভাপতিত্ব করেন কারিতাস-চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজ। সূচনা বক্তব্য রাখেন পরিবেশ সংগঠক শরীফ চৌহান।
সেমিনারে ‘পাহাড় ধস ব্যবস্থাপনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের প্রধান প্রতিবেদক ভুঁইয়া নজরুল।
