২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রণজিৎ বিশ্বাসের প্রতি শেষ শ্রদ্ধা

সাবেক সংস্কৃতি সচিব, জনপ্রিয় ক্রীড়ালেখক রণজিৎ কুমার বিশ্বাসের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রামের রাজনীতিবিদ, পেশাজীবী, সংস্কৃতিকর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2016, 02:42 PM

Updated : 11 Oct 2022, 08:24 PM

পুরনো খবর:

সাবেক সচিব রণজিৎ বিশ্বাস আর নেই

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজের একটি কক্ষে বিশ্রামরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাবেক সচিব রণজিৎ বিশ্বাস (৬০)।  

শুক্রবার সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের নিচতলায় রণজিৎ কুমার বিশ্বাসের মরদেহ আনা হলে তাতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

এরপর একে একে শ্রদ্ধা জানায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেস ক্লাব, শিল্পকলা একাডেমি, উদীচী, প্রমা, অভ্যুদয় সাংস্কৃতিক অঙ্গন ও প্রীতিলতা ট্রাস্ট।

সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষেও আলাদাভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় সাবেক এ সচিবের স্মৃতিচারণ করে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, রণজিৎ বিশ্বাস ছিলেন বাংলাদেশে ক্রীড়া সাংবাদিকতায় পথিকৃৎ।

“সাধারণ মানুষের সাথে তার ছিল আত্মার সম্পর্ক। সংস্কৃতির জগতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।

মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা হয়েও সারাজীবন তিনি লেখালেখি করে গেছেন। তিনি একজন জনপ্রিয় ক্রীড়া লেখক ছিলেন। চট্টগ্রামের প্রতি তার ভালোবাসা ছিল অকৃত্রিম।

রণজিৎ বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার,প্রয়াতের স্ত্রী শেলী বিশ্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

মেয়ে কানাডা থেকে ফিরলে রোববার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা এলাকায় নিজগ্রামে রণজিৎ বিশ্বাসের  শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

১৯৫৬ সালের ১ মে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা গ্রামে জন্মান রণজিৎ কুমার বিশ্বাস।

১৯৮১ সালের ৪ ফেব্রুয়ারি তথ্য কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেয়া রণজিৎ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্বেও ছিলেন।

এর আগে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। ২০১১ সালের ১৪ মার্চ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পাওয়ার পর একই বছরের ১০ অক্টোবর একই মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদোন্নতি পান।

২০১৩ সালের ২৫ মার্চ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হন রণজিৎ। গত বছরের ২৭ এপ্রিল অবসরে যাওয়ার  দুই দিন আগে রণজিৎ বিশ্বাস জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান।

গত ৩০ এপ্রিল তিনি অবসরোত্তর (পিআরএল) ছুটিতে যান।

সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে নিয়মিত লেখালেখি করতেন। ক্রিকেট নিয়ে তার লেখা ছিল বেশ জনপ্রিয়।

তার কয়েকটি বইও প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘কুড়িয়ে পাওয়া সংলাপ’, ‘মানুষ ও মুক্তিযুদ্ধের সংলাপ’, ‘শুদ্ধ বলা শুদ্ধ লেখা’, ‘হৃদয়ের ক্ষরণকথা’ উল্লেখযোগ্য।