২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি সেবা বাড়ানোর আহ্বান

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি সেবা আরও বিস্তৃত করার তাগিদ এসেছে চট্টগ্রামে এক অনুষ্ঠান থেকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2016, 05:42 PM

Updated : 20 Aug 2022, 01:03 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউজে ‘আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবসে’ জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন বলেন, “এমডিজি অর্জনে বাংলাদেশ সফল হয়েছে। সামনে আছে এসডিজি।

“এসডিজি অর্জনে আমাদের জনগণের দোরগোড়ায় সেবাকে আরও বিস্তৃত করতে হবে। সেবা প্রত্যাশীদের সঙ্গে ভালো ব্যবহার করত হবে”।

তিনি সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো পাবলিক সার্ভিস সিস্টেম আছে সিঙ্গাপুরে। জাপানের পরই এদের অবস্থান।

মেধাবীদের পাবলিক সার্ভিসে যুক্ত করেই সিঙ্গাপুর আজ এ পর্যায়ে এসেছে মন্তব্য করে তিনি বলেন, আমরা এখনও সে পর্যায়ে যেতে পারিনি, তবে সে লক্ষ্যে পৌঁছতে কাজ করে যাচ্ছি।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন শাহা বলেন, আমরা পাবলিক সার্ভেন্ট। পাবলিকের সেবা কতটা দিতে পারছি শেষ পর্যন্ত সেটাই বিচার্য।

“এখন ‘সার্ভিস অফ ডোর স্টেপ’ যুগ চলছে। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে। ডিজিটাল বাংলাদেশের অন্যতম উদ্দেশ্যের মধ্যে সেটাও একটি।”

জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী, জেলা পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ড চট্টগ্রাম জেলা সংসদের কমান্ডার শাহাবুদ্দিন ও চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার।