২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিভাসুর ২৫ কোটি টাকার বাজেট সিন্ডিকেটে অনুমোদন

২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ২৫ কোটি ছয় লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2016, 06:38 PM

Updated : 20 Aug 2022, 01:03 PM

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩৪ তম অধিবেশনে এ অনুমোদন দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে এই অধিবেশনে ২০১৬-২০১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) এবং অর্থ কমিটির সদস্য সচিব মো. আবুল কালাম।

এতে ২০১৫-২০১৬ অর্থ বছরের ২১ কোটি ৫৭ লাখ টাকার সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়।

অধিবেশনে জানানো হয়, ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ৩৩ কোটি ৫৭ লাখ টাকার চাহিদার বিপরীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে ২৩ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।

বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে এক কোটি ২০ লক্ষ টাকা।

বাজেটের উৎসের মধ্যে প্রায় ৯৫ শতাংশ আসবে সরকারি অনুদানের মাধ্যমে এবং পাঁচ শতাংশ পাওয়া যাবে অভ্যন্তরীণ উৎস থেকে।

বাজেটে বেতন-ভাতা খাতে ১৬ কোটি ৫৬ লাখ টাকা, পেনশন খাতে ৫০ লাখ টাকা, সাধারণ আনুষঙ্গিক খাতে তিন কোটি টাকা, শিক্ষা আনুষঙ্গিক খাতে দুই কোটি ৭০ লাখ টাকা, মেরামত, সংরক্ষণ ও পুনবার্সন খাতে এক কোটি ৪০ লাখ টাকা এবং সম্পদ সংগ্রহ ও ক্রয় খাতে ৯০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অধিবেশনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মো. আখতার হোসেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল হাসান চৌধুরী, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নুরল আনোয়ার, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, দৈনিক পূর্বকোণ সম্পাদক স্থপতি তসলিমউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।