চোরাই মোটারসাইকেলে করে সাংবাদিক পরিচয়ে প্রতারণা
সাংবাদিক ও শিক্ষক পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের পুলিশ।
বুধবার দুপুরে বায়েজিদ বোস্তামী মাজার এলাকা থেকে রিজুয়ানুল ইসলাম ওরফে বাবু (৩৭) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
রিজুয়ানুল কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা।
বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, দুই বছর আগে মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে রিজুয়ানুলকে র্যাব গ্রেপ্তার করেছিল।
তার কাছ থেকে চোরাই একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি মহসিন বলেন, রিজুয়ানুলের বিরুদ্ধে কখনও সাংবাদিক, কখনও শিক্ষক পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে।
“এছাড়াও চোরাইপথে ভারত থেকে মোটরসাইকেল এনে বিক্রির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
রিজুয়ানুলের কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের একটি ভুয়া পরিচয়পত্র ও ভুয়া প্রেস কার্ড পাওয়া গেছে বলেও জানান তিনি।
