চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৬
চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কমপক্ষে ছয়জন আহত হয়েছে।
শনিবার সকালে কলেজে উচ্চ মাধ্যমিকের ভর্তি কার্যক্রম চলাকালে ‘স্লোগান’ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত।
আহতদের মধ্যে ইউসুফ কবির, মো. কায়সার, বিশ্বজিত শর্মা ও সোহেল চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতা মাহমুদুল করিমের অনুসারী।
মাহমুদুল করিম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
আহত চারজনকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত অন্য দুই জনের নাম জানা যায়নি।
এসময় ছাত্রলীগের একটি পক্ষ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের নামে স্লোগান দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। এসময় অন্য পক্ষ স্লোগান দিতে নিষেধ করে।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতা মাহমুদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চট্টগ্রাম কলেজে ছাত্রলীগে যাতে কোন গ্রুপিং তৈরি না হয় তার জন্য আওয়ামী লীগের কোনও সিনিয়র নেতার নামে স্লোগান দেই না।
“সকালে আমরা ভর্তি পরীক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে যাওয়ার পর কলেজে বহিরাগত কয়েকজন ক্যাডার মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছিরের নামে স্লোগান দিতে দিতে ক্যাম্পাসের মূল ফটক দিয়ে ঢুকে আমার ছয় কর্মীকে মরধর করে।”
এরপর কলেজ ছাত্রলীগের কর্মীদের ‘প্রতিরোধের মুখে’ মেয়র নাছিরের নামে স্লোগান দেওয়া বহিরাগতরা ক্যাম্পাস ত্যাগ করে বলে দাবি মাহফুজুর করিমের।
সংঘর্ষ হলেও এত ভর্তি কার্যক্রমে এর কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার।
তিনি বলেন, “আমাদের আজকের ভর্তি কার্যক্রম থাকলেও সংঘর্ষে তাতে কোনও প্রভাব পড়েনি। আমাদের ভর্তি কার্যক্রম যথানিয়মে ৩০ তারিখের মধ্যে শেষ হবে।”
এবছর কলেজটিতে মানবিক শাখায় তিনশ এবং বিজ্ঞান শাখায় পাঁচশ পঞ্চাশ জনসহ মোট সাড়ে আটশ শিক্ষার্থীকে ভর্তি করা হবে বলে জানান তিনি।
