বাঁশখালীতে পুলিশের গুলিতে যুবক আহত
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের গুলিতে এক যুবকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহত করিম উদ্দিন (২৪) কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রামের পুতুল আলীর ছেলে।
শনিবার সকাল ১০টার দিকে পুলিশ একটি চায়ের দোকানে থাকা যুবকদের লক্ষ্য করে ‘অতর্কিতে গুলি চালালে’ করিম আহত হন বলে স্থানীয়দের অভিযোগ।
“কয়েকজন যুবক দোকানের মধ্যে তাস খেলছিল, বাকিরা দেখছিল। এসময় অতর্কিতে পুলিশ হামলা চালায়। পুলিশের গুলি করিমের পশ্চাৎদেশে লাগে,” বলেন স্থানীয় বাসিন্দা জয়নুল আবেদীন।
আহত করিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
তবে পুলিশের ভাষ্য, ওই যুবকরা ‘জুয়া খেলছিল’।
চট্টগ্রাম জেলা পুলিশের এএসপি কামরুল ইসলাম জানান, ডাকাত দলের কয়েকজন সদস্য পূর্ব পালেগ্রামে আছে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
“ওই যুবকরা জুয়া খেলছিল; তাদের আটক করতে গেলে স্থানীয়রা পুলিশের ছয় সদস্যের দলটিকে ঘিরে ফেলে। তারা কনস্টেবল মো. হানিফকে মারধরও করে। পরে পুলিশ গুলি চালায়।”
গুলিতে একজন আহত হওয়ার কথা স্বীকার করে পুলিশের এ কর্মকর্তা বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। গুলি করার মতো পরিস্থিতি কেন হল, তা খতিয়ে দেখছি।”
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলি চালানোর পর হাসপাতালে নেওয়ার পথে আহত করিম উদ্দিনের হাতে রামদাস হাট পুলিশ ফাঁড়ির এসআই খলিলুর রহমান হাতকড়া পরিয়ে দেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার হাতকড়া খুলে নেওয়া হয়।
এ বিষয়ে জানতে চেয়ে এসআই খলিলুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
