এসপিপত্নী খুনে গ্রেপ্তার নসুরের আবেদন খারিজ
চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার একজনের রিমান্ড বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়েরা জজ মো. শাহেনূর খারিজের এই আদেশ দেওয়ার ফলে এখন নসুরকে জিজ্ঞাসাবাদে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের মঞ্জুর করা হত্যা মামলায় গ্রেপ্তার আসামি আবু নসুর গুন্নুর (৪৬) সাত দিনের রিমান্ড বাতিল চেয়ে আসামি পক্ষে রিভিশন আবেদন করা হয়।
“আদালত সে আবেদন খারিজ করে দিয়েছেন। এখন গুন্নুকে জিজ্ঞাসাবাদ করতে আইনগত কোনো বাধা নেই।”
গত ১২ জুন পুলিশের আবেদনে নসুরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রাম মহানগর হাকিম হারুণ-অর-রশিদ।
একই আদালত ওই দিন শাহ জামান ওরফে রবিন (২৮) নামের গ্রেপ্তার অন্যজনকেও সাত দিনের রিমান্ডে পাঠায়।
গত ৫ জুন নগরীর ও আর নিজাম রোডে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করা হয় মিতুকে। তার স্বামী বাবুল চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় জঙ্গি দমনে বেশ কয়েকটি অভিযানে নেতৃত্বে ছিলেন।
সাম্প্রতিক অন্যসব হত্যাকাণ্ডের সঙ্গে ধরন মিলে যাওয়া এবং বাবুলের জঙ্গি দমন কাজের বিষয়টিকে কেন্দ্র করে পুলিশের ধারণা, জঙ্গিরাই এই পুলিশ কর্মকর্তার স্ত্রীকে হত্যা করেছে।
হত্যাকাণ্ডের ছয় দিন পর ১১ জুন রবিনকে গ্রেপ্তার করা হয় নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে। হত্যাকাণ্ডের সময় একটি সিসি ক্যামেরার ভিডিওতে ধরা পড়া চিত্রে এক যুবকই রবিন বলে পুলিশের সন্দেহ।
তার আগে ৮ জুন চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেপ্তার করা হয় একটি মাজার কমিটির সাধারণ সম্পাদক আবু নসুরকে। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী বলে পুলিশ জানিয়েছে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশ সদর দপ্তরে (সিএমপি) কমিশনার ইকবাল বাহার সাংবাদিকদের বলেন, তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি।
তদন্তে যুক্ত এক পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৩ জুন রবিনকে রিমান্ডে আনা হয়েছে। তবে নসুরকে এখনও রিমান্ডে আনা হয়নি।
