গার্মেন্ট এক্সেসরিজের ঘোষণায় আনা ৫ কোটি টাকার বেনসন জব্দ
গার্মেন্ট এক্সেসরিজের ঘোষণায় মালয়েশিয়া থেকে আনা পাঁচ কোটি টাকার বেনসন সিগারেট চট্টগ্রাম বন্দরে জব্দ করেছে র্যাব ও শুল্ক কর্তৃপক্ষ।
এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব-৭ জানিয়েছে।
তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জের আর এ জেড অ্যাপারেলস নামের একটি প্রতিষ্ঠান ৪০৮ কার্টন গার্মেন্টস এক্সেসরিজ এর ঘোষণা দিয়ে এসব সিগারেট এনেছে বলে তারা খবর পেয়েছিলেন।
এর ভিত্তিতে শুল্ক কর্তৃপক্ষের সহায়তায় র্যাব সদস্যরা চালানটি বৃহস্পতিবার বন্দর থেকে ছাড় করানোর সময় কন্টেইনারভর্তি এসব সিগারেট জব্দ করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ জুন মালয়েশিয়ার কালাং বন্দর থেকে ‘ওয়াইএম ইনিশিয়েটিভ’ নামের জাহাজে করে কন্টেইনার ভর্তি এসব পণ্য ৫ জুন চট্টগ্রাম বন্দরে আসে।
রাইয়ান ট্রেডিং লাইন নামের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এসব পণ্যের ছাড়ের কাজে নিয়োজিত ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই কন্টেইনার থেকে পাঁচ কোটি টাকা মূল্যমানের ৪০ লাখ ৮০ হাজারটি আমদানি নিষিদ্ধ বেনসন অ্যান্ড হেজেস ব্রান্ডের সিগারেট জব্দ করা হয়।
এ ঘটনায় ‘রাইয়ান ট্রেডিং লাইন’ এর মালিক মো. রফিকুল হোসেন (৫২), তার সহযোগী মো. মেহেরুজ্জমান (৫৩), আর এ জেড অ্যাপারেলসের মালিক আনোয়ার হোসেন (৪০) এবং প্রতিষ্ঠানটির কমার্শিয়াল ম্যানেজার বোরহান ইমামকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
