২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুপ্তহত্যা বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান

আশ্রম সেবক, পুরোহিত, খ্রিস্টান দোকানদার ও এসপিপত্নীসহ সব ধরনের গুপ্তহত্যা বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2016, 09:22 PM

Updated : 12 Apr 2022, 02:14 AM

শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে গুপ্তহত্যার প্রতিবাদ এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর শাখা এক মানববন্ধন ও সমাবেশ করে এ দাবি জানায়।

সমাবেশে পরিষদের মহানগর শাখার সাধারণ সম্পাদক নিতাই প্রসাদ ঘোষ বলেন, নিরীহ গৃহিণী হত্যা ও ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত, সেবক, ধর্মযাজক তথা সংখ্যালঘু জনগণকে গুপ্তহত্যার মাধ্যমে জনমনে আতংক সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে।

দেশের বিভিন্ন এলাকায় একই কায়দায় টার্গেট করে গুপ্তহত্যা করা হচ্ছে উল্লেখ করে পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্যামল কুমার পালিত সকল গুপ্তহত্যা বন্ধে গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে খুনিদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান।

সমাবেশে অন্যদের মধ্যে আইনজীবী চন্দন বিশ্বাস, রণজিত কুমার চৌধুরী, অধ্যাপক রণজিত কুমার দে, অধ্যক্ষ সুধীর বিকাশ দেব, ড. জিনবোধি ভিক্ষু, ইন্দু নন্দন দত্ত, অজিত নারায়ন অধিকারী, সুভাষ চন্দ্র লালা, তাপস হোড়, ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী ও শৈবাল দাশ সুমন, নীলু নাগসহ অন্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।