২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এভাবে চললে এক দশকে পাহাড়শূন্য হবে চট্টগ্রাম’

যেভাবে নির্বিচারে পাহাড় কাটা চলছে তাতে বন্দর নগরী চট্টগ্রাম দশ বছরের মধ্যে পাহাড়শূন্য হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবাদীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2016, 06:41 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

শনিবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধন ও স্মরণসভা থেকে এর প্রতিবাদ জানান তারা।

২০০৭ সালের ১১ জুন প্রবল বর্ষণে নগরী ও আশেপাশের এলাকায় একযোগে কয়েকটি পাহাড় ধসে ১২৭ জনের প্রাণহানি হয়।

এরপর থেকেই পরিবেশবাদীরা ১১ জুনকে ‘জাতীয় পাহাড় রক্ষা দিবস’ ঘোষণার দাবিতে আন্দোলন করে আসছে।

২০০৭ সালের নিহতদের স্মরণে শনিবারের সভা যৌথভাবে আয়োজন করে পরিবেশবাদী সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), পিপলস ভয়েস, কারিতাস চট্টগ্রাম অঞ্চল ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)।

সভায় পরিবেশ আন্দোলনের সংগঠক শরীফ চৌহান বলেন, পাহাড় কাটা ও দখলে জড়িতরা চিহ্নিত হলেও কখনোই প্রশাসন তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। দখলকারীরা তাদের অবস্থানেই অক্ষত আছে।

“শুধু বর্ষা এলেই যে পাহাড়টি ধসে সেখান থেকে কয়েকজন বসতকারীকে সরানো হয়। অথচ প্রতিবছরই নির্বিচারে নতুন পাহাড় কেটে বসতি স্থাপন চলছে।”

শরীফ চৌহান বলেন, এভাবে চলতে থাকলে এক দশক পরে  শহর ও আশেপাশের এলাকায় একটি পাহাড়ও আর অবশিষ্ট থাকবে না। তখন আর পাহাড় রক্ষার দাবিও জানাতে হবে না। সব পাহাড় শেষ হওয়ার আগেই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

২০০৭ সালের মতোই যে কোনো দিন আবার পাহাড় ধ্বসে বড় ধরনের মানবিক বিপর্যয় হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন শরীফ চৌহান।

প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, ২০০৭ সালের ঘটনার পর শক্তিশালী পাহাড় রক্ষা কমিটি বেশ কিছু সুপারিশ করেছিল।

“এর মধ্যে ঝুঁকিপূর্ণ বসতি চিহ্নিত করা ও তাদের স্থায়ীভাবে উচ্ছেদের সুপারিশগুলোই এখনো বাস্তবায়িত হয়নি। দখল হওয়া পাহাড়গুলোর অধিকাংশের মালিক সরকারি সংস্থা। অথচ তাদেরই কোনো নড়চড় নেই।”

পরিবেশ আন্দোলনকারী অধ্যাপক ইদ্রিস আলী বলেন, প্রতিবছর বর্ষা এলেই শুধু প্রশাসনের তোড়জোড় শুরু হয়।

“বছরে ১১ মাস পাহাড় কেটে বসতি স্থাপন করে আর এক মাস উচ্ছেদ অভিযান চালানো হয়। শুধু বর্ষা এলেই লোক দেখানো অভিযান না চালিয়ে সারা বছর পাহাড় রক্ষার অভিযান চালাতে হবে।”

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারিতাস চট্টগ্রামের শ্যামল মজুমদার, পিপপল ভয়েসের সৈয়দ মুহাম্মদ আতিকুর রহমান, পবা’র সংগঠক হাবিবুল হক বিপ্লব, যুবনেতা রুবেল দাশ প্রিন্স ও খোকন মাহি এবং পরিবেশ ছাত্র ফোরামের আরিফুল হক।

২০০৭ সালের ১১ জুন ১২৭ জনের প্রাণহানি হয় পাহাড় ধ্বসে। এরপর ২০১৫ সাল পর্যন্ত গত নয় বছরে পাহাড় ধ্বসে ১৯৪ জনের মত মারা গেছে।