৪ ধর্ষণকারীর যাবজ্জীবন
চট্টগ্রামের সাতকানিয়ার কেওচিয়া এলাকায় সৎমা ও মেয়েকে ধর্ষণের দায়ে চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম বৃহস্পতিবার এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি চারজনের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কোরবান আলী, আবদুর রহিম, রিদোয়ানুর রহমান ও রুবেল চৌধুরী। এদের মধ্যে প্রথম দুজন কারাগারে রয়েছে, বাকি দুজন পলাতক।
এজাহার থেকে জানা গেছে, ২০১৪ সালের ১৪ জুন গভীর রাতে সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়নে ঘরের ভেতর জোর করে ঢুকে মা-মেয়েকে ধর্ষণ করা হয়।
এই ঘটনায় পরদিন মা বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি ধর্ষণ মামলা করেন।
আইনজীবী জেসমিন জানান, ২০১৪ সালের ১২ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন এবং পরের বছরের ৯ এপ্রিল এ মামলায় অভিযোগ গঠন করা হয়।
সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে বৃহস্পতিবার এ রায় দেওয়া হল।
