চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় এএসআই নিহত
চট্টগ্রামে নগরীতে রাতে মাইক্রোবাসের ধাক্কায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।
বুধবার গভীর রাতে ইপিজেড থানার মাইলের মাথা এলাকার কর্ণফুলী ডায়াগনস্টিক সেন্টারের সামনে দুর্ঘটনায় এএসআই রুপম চন্দ্র নাথ (৩০) নিহত হন।
ইপিজেড থানার ওসি মো. আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুপম মটরসাইকেল নিয়ে দায়িত্ব পালন করছিলেন। থানায় ফেরার সময় পেছন দিক থেকে একটি হাইয়েস মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রুপম চন্দ্র নাথ সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ বগাচতর এলাকার নারায়ন চন্দ্র নাথের ছেলে। তিনি গত বছরের ৫ নভেম্বর ইপিজেড থানায় এএসআই হিসেবে যোগ দেন।
এ ঘটনায় মাইক্রোবাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে ওসি জানিয়েছেন।
