২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিতু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন হয়েছে চট্টগ্রামে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 04:25 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন বাংলাদেশ মানবাধিকার কমিশন, চট্টগ্রাম উত্তর জেলা শাখা।

রোববার সকালে ও আর নিজাম রোডের বাসা থেকে প্রথম শ্রেণি পড়ুয়া ছেলেকে স্কুল বাসে তুলে দিতে জিইসি মোড়ে যাওয়ার সময় খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু।

মোটরসাইকেলে করে আসা তিন হামলাকারী জিইসি মোড়সংলগ্ন বেকারির দোকান ওয়েল ফুডের সামনে মিতুকে প্রথমে ছুরি মারে এবং পরে মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

মানববন্ধনে অংশ নেওয়া শতাধিক মানুষ জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বাবুল আক্তারের আপোষহীন অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

বাংলাদেশ মানবাধিকার কমিশন, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, “ঘৃণ্য এ হতাকাণ্ডের হোতাদের অবিলম্বে আইনের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।”

তিনি চট্টগ্রামের মানুষকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধ ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহবান জানান।

সংগঠনটির প্রচার সম্পাদক আবদুল হালিম, ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট আবুল কাশেম, ইলা চক্রবর্তী প্রমুখ মানববন্ধনে অংশ নেন।