২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়া ও আনোয়ারায় ২ কেন্দ্রে ভোট স্থগিত

ব্যালট ছিনতাই হওয়ার চট্টগ্রামের সাতকানিয়া ও আনোয়ারা উপজেলার দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 02:41 PM

Updated : 20 Aug 2022, 12:53 PM

শনিবার শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ৭ নম্বর ওয়ার্ডের মুনিরিয়া ফোরকানিয়া মাদ্রাসা এবং আনোয়ারার পরৈয়কড়া ইউনিয়নের তালসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে ব্যালট পেপার ছিনতাই করায় উপজেলার পশ্চিম ঢেমশা ৭ নম্বর ওয়ার্ডের মুনিরিয়া ফোরকানিয়া মাদ্রাসার ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

একই অভিযোগে আনোয়ারা উপজেলার পরৈয়কড়া ইউনিয়নের তালসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।

পঞ্চম ও শেষ ধাপের নির্বাচনে চট্টগ্রামের আনোয়ারা, সাতকানিয়া, লোহাগাড়া ও পটিয়া উপজেলার একটি ইউনিয়নের ভোট গ্রহণ চলছে।

নির্বাচনী কর্মকর্তাকে মারধর করার অভিযোগে বাঁশখালী উপজেলার সব ইউনিয়নে নির্বাচন আগেই স্থগিত করে নির্বাচন কমিশন।