পটিয়ায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন
অনিয়মের অভিযোগ তুলে চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী হাজী শামসুল আলম।
শনিবার ভোট শুরুর সাড়ে তিন ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে শোভনদণ্ডীর হাওয়াখানা এলাকায় সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন দিনি।
শামসুল আলম টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে শুরুতে আওয়ামী লীগের প্রার্থী এহসান আলীর পক্ষে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড কেন্দ্র দখল করা হয়।
“এরপর পর্যায়ক্রমে ৯, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড কেন্দ্র দখল করে ফেলে। নৌকা প্রতীকের লোকজন চেয়ারম্যানের ব্যালট নিয়ে ইচ্ছামতো সিলা মারছে। ভোটারদের কেন্দ্রে ঢুকতে দেয়নি।”
“আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এভাবে ভোট হয় না। আমি এখন বাড়িতে বিশ্রাম নিচ্ছি,” বলেন বিএনপির এই প্রার্থী।
সারাদেশে ৬৯৭টি ইউনিয়নের সঙ্গে শোভনদন্ডী ইউনিয়নের মোট নয়টি ওয়ার্ডে ভোট গ্রহণ চলছে।
অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাশেম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপির প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বলে শুনেছি।
“কিন্তু এখানে তেমন কিছুই হয়নি। শুধু ৯ নম্বর ওয়ার্ড কেন্দ্রে একটু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এজেন্টদের বের করে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।”
হাশেম দাবি করেন, প্রতিটি কেন্দ্রেই বিএনপি প্রার্থীর এজেন্ট ছিল। বর্জনের ঘোষণার পর তাদের প্রত্যাহার করে নেওয়া হয়।
