হত্যা মামলায় চট্টগ্রামে একজনের ফাঁসির আদেশ
এগার বছরের পুরনো হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
বুধবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তের নাম সৌমিত্র বড়ুয়া বাবু।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরেক আসামি নাজিম উদ্দিন সুজনকে খালাস দিয়েছে আদালত।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মো. নোমান চৌধুরী জানান, ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক রায় দিয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৫ সালের ২৭ মার্চ সৌমিত্র নগরীর আলকরণে নিজের বাসায় তাজউদ্দিন বাবু নামের এক যুবককে চাকরি দেওয়ার কথা বলে ডেকে নেয়।
পরে তাজউদ্দিনকে হত্যা করে কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাটে লাশ ফেলতে গেলে স্থানীয়রা সৌমিত্রকে ধরে পুলিশে দেয়।
এ তাজউদ্দিনের বড়ভাই কোতয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।
২০০৫ সালের ১০ ডিসেম্বর আাদলতে অভিযোগপত্র দেওয়া হয়।
পরের বছর ৫ এপ্রিল দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় বলে জানান অঅইনজীবী নোমান চৌধুরী।
