কমিশন পেলেন নৌবাহিনীর ৪১ মিডশিপম্যান
চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশিপম্যান-২০১৪-বি ব্যাচের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার কুচকাওয়াজের মাধ্যমে এ ব্যাচের ৪১ জন ক্যাডেটকে কমিশন প্রদান করা হয়, যাদের মধ্যে ফিলিস্তিনের তিনজন ক্যাডেট রয়েছেন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ নৌবাহিনীকে আধুনিকীকরণ ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
“এজন্য নৌবাহিনীতে দুইটি করভেট, ১৮টি যুদ্ধজাহাজ, দুটি হেলিকপ্টার ও দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট যুক্ত হয়েছে।”
এবছরই নৌবাহিনীতে দুটি সাবমেরিন যুক্ত হবে জানিয়ে তিনি বলেন, “এজন্য নৌবাহিনীতে স্থায়ী সাবমেরিন ঘাঁটি তৈরির কাজ চলছে।”
নৌবাহিনীকে হস্তান্তর করা চিটাগাং ড্রাইডকে বড় যুদ্ধ জাহাজ ও বাণিজ্যিক জাহাজ নির্মাণ করে এই শিল্পকে এগিয়ে নিতে বাহিনী ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন এডমিরাল নিজামউদ্দিন।
দুইবছর মেয়াদি প্রশিক্ষণে সর্বোচ্চ মান অর্জন করায় চৌকস মিডশিপম্যান হিসেবে মো. নাজমুল হোসাইন ‘সোর্ড অব অনার’, তানজীম রাহাত ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্বর্ণপদক’ ও মো. সাব্বির ‘নৌ প্রধান স্বর্ণপদক’ লাভ করেন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়াল এডমিরাল আখতার হাবীবসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তা এবং দেশি-বিদেশি কুটনীতিকরা উপস্থিত ছিলেন।
