আটকের প্রতিবাদে কর্মবিরতিতে ট্রেলার চালক-মালিকরা
চট্টগ্রাম বন্দরের এনসিটি ফটকের বাইরে মূল সড়কে গাড়ি রাখায় ১১ চালক-সহকারীকে আটকের প্রতিবাদে তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন প্রাইম মুভার ও ট্রেলার চালক-মালিকরা।
মঙ্গলবার বেলা দেড়টার দিকে বন্দর ম্যাজিস্ট্রেট ‘সড়কে অবৈধভাবে’ গাড়ি রাখায় ১১ চালক-সহকারীকে আটক করেন।
বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূল সড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে রাখায় যানজট সৃষ্টি হচ্ছিল।
“বন্দরে গতিশীলতা আনতে এবং যানজট নিরসনে আমরা অভিযান পরিচালনা করি। এসময় ১১ জন চালক-সহকারীকে আটক করা হয়।”
এরপরই চট্টগ্রাম প্রাইম মুভার ও ট্রেলার মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আটকের প্রতিবাদে তাৎক্ষণিক কর্মবিরতি শুরু করে।
বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কর্মবিরতির সময় বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)-১ এ যান চলাচল কার্যত বন্ধ ছিল।
পরে বন্দর পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল আবদুল গাফফারের কার্যালয়ে বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহার করেন চালক-মালিকরা।
চট্টগ্রাম প্রাইম মুভার ও ট্রেলার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, “বন্দরে প্রবেশের আগে গেটে আমাদের পাস নিতে হয়। এছাড়া সিঅ্যান্ডএফ এজেন্টকে এসে পণ্য সংশ্লিষ্ট ও গাড়ির কাগজপত্র দেখাতে হয়। তারপরই গাড়ি বন্দরে প্রবেশ করতে পারে।
“এই সময়টা অপেক্ষার জন্য বন্দরের নির্ধারিত কোনো পার্কিং নেই। চালক-সহকারীদের আটকের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বন্দরের ভেতরে থাকা গাড়ি আর বাইরে আসেনি। বাইরের গাড়িও ভেতরে যায়নি।”
হুমায়ুন বলেন, মুচলেকা নিয়ে চালক-শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়েছে।
“৮ বা ৯ জুন বন্দর চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে বৈঠক হবে। স্থান নির্ধারণ করে দিলে সড়কে আর আমরা গাড়ি রাখব না,” বলেন তিনি।
