‘প্রহসনের’ নির্বাচনে মানুষ হত্যায় ইসি: খন্দকার মাহবুব
তৃণমূলে নির্বাচনের নামে নির্বাচন কমিশন প্রহসন সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার চট্টগ্রামে নগর ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, “তৃণমূলে নির্বাচনের নামে ইলেকশন কমিশন প্রহসন সৃষ্টি করেছে, মানুষ হত্যা করেছে।”
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন হত্যার ঘটনায় নির্বাচন কমিশনকে দায়ী করে তিনি বলেন, “এই হত্যার জন্য নির্বাচন কমিশনের বাংলার মাটিতে বিচার হবে।”
জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করে সাংবাদিক ও বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন দাবি করে আইনজবীবী নেতা খন্দকার মাহবুব বলেন, “আগে রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ ও অপসারণের দায়িত্ব ছিল। সেটা তিনি বাতিল করে জুডিশিয়াল কাউন্সিল গঠন করেছিলেন।
“বর্তমান আওয়ামী লীগ সরকার সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেশকে একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছে।”
তিনি বলেন, “তারা যদি ভেবে থাকে মিথ্যা মামলা, সাক্ষ্য দিয়ে আদালতের কাঁধে বন্দুক রেখে খালেদা জিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠাবে, তাহলে এই চিন্তা তাদের রাজনৈতিক আত্মহত্যার সামিল হবে।”
আওয়ামী লীগকে ‘গণতন্ত্রের পথে’ ফিরে আসার আহবান জানিয়ে মাহবুব বলেন, “বিএনপি ক্ষমতা চায় না, জনগণের ভোটের অধিকার চায়।”
নগর ছাত্রদলের সভাপত গাজী সিরাজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর কমিটির সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক কাদের গণি, দৈনিক আমার দেশের চট্টগ্রাম ব্যুরো প্রধান জাহিদুল করিম কচি প্রমুখ।
