চট্টগ্রামে গাড়িচালককে আটকে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় এক গাড়িচালককে আটকে মুক্তিপণ দাবি করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আজাদ (২৯) ও মো. হামিদ (৩৫)।
সোমবার বিকালে রুবি গেইট এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে তাদেরকে গ্রেপ্তার ও চালক ইউনুসকে উদ্ধার করা হয় বলে জানান বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকালে রাঙ্গুনিয়া উপজেলার চৌমুহুনী এলাকা থেকে নগরীর হালিশহর যাওয়ার কথা বলে একটি প্রাইভেটকার ভাড়া করেন আজাদ।
“রুবি গেইট এলাকায় আসার পর আজাদ গাড়িতে তার চাচাকে নেওয়ার কথা বলে পরিত্যক্ত ভবনে নিয়ে চালক ইউনুসকে আটকে রাখেন।”
ওসি মহসিন বলেন, এসময় চালক ইউনুসের মোবাইল ফোন থেকে গাড়ির মালিককে ফোন করে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন আজাদ।
পরে গোপন সংবাদে অভিযান চালিয়ে আজাদ ও ভবনের তত্ত্বাবধায়ক হামিদকে গ্রেপ্তার করা হয়।
