২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মারধরের প্রতিবাদে রাস্তা আটকে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

সহকর্মীকে মারধরের প্রতিবাদে চট্টগ্রামে রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছেন একটি গার্মেন্ট কারখানার শ্রমিকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2016, 07:28 PM

Updated : 20 Aug 2022, 12:47 PM

স্টেশন রোডের নতুন রেল স্টেশনের সামনে মঙ্গলবার বিকাল ৫টা থেকে আধাঘণ্টাব্যাপী ‘এশিয়ান অ্যাপারেলস’ এর শ্রমিকরা অবস্থান করেন।

আয়েশা বেগম নামের এক শ্রমিক জানান, শবে বরাতে ছুটির আগে দুই/তিন শুক্রবার শ্রমিকদের কাজ করিয়েছিল মালিকপক্ষ।

সোমবার শবে বরাতের ছুটি না দেওয়ায় শ্রমিকরা আগেরদিন কারখানায় বিক্ষোভ করে জানিয়ে তিনি বলেন, “মালিকপক্ষ তারপরও সোমবার কারখানা খোলা রাখায় কেউ কাজে যোগ দেয়নি।”

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, মঙ্গলবার দুপুরে বিক্ষোভকারী দুই নারী শ্রমিককে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও একজন পরিচালক মারধর করেন।

তবে মারধর নয়, এক কর্মকর্তার অশোভন আচরণের প্রতিবাদে শ্রমিকরা রাস্তায় নেমেছিলেন বলে কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন জানান।

“পরে মালিকপক্ষ ও পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়,” বলেন ওসি।