২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তাল সাগরে কয়েকঘণ্টা ইঞ্জিন বিকলের পর নিরাপদে বাংলার শিখা

ঘূর্ণিঝড়ের মধ্যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে উত্তাল সাগরে কয়েকঘণ্টা ইঞ্জিন বিকল থাকার পর সচল হলে নিরাপদ অবস্থানে নোঙর করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার শিখা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 03:15 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

শনিবার রাতে বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর এইচ আর ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরের দিকে বিকল হওয়া জাহাজটির ইঞ্জিন সন্ধ্যার কিছু আগে সচল হয়।

এরপর জাহাজটি বন্দরের বর্হিনোঙরে চার্লি অ্যাংকরেজের কাছাকাছি নিরাপদে নোঙর করেছে জানিয়ে তিনি বলেন, জাহাজের সব ঠিক আছে এবং ক্রুরাও নিরাপদের আছেন।

তবে কতজন নাবিক ও ক্রু ওই জাহাজে ছিলেন, তা জানাতে পারেননি বিএসসি কর্মকর্তারা। 

এর আগে বহির্নোঙ্গরের আলফা অ্যাংকরেজে অবস্থান করার সময় দুপুরের দিকে এমভি বাংলার শিখার দুটি ইঞ্জিনই বিকল হয় বলে বেলা সোয়া ২টার দিকে জানিয়েছিলেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর এইচ আর ভূইয়া।

“সেখানে নোঙ্গর করার সময় দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়। অতিরিক্ত ঢেউয়ের কারণে জাহাজটির নোঙ্গর মাটি আঁকড়ে রাখতে পারছিল না।”

সেই পরিস্থিতিতে জাহাজটি নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষ ও নৌবাহিনীর টাগবোটের সহায়তা চাওয়া হয় বলে জানিয়েছিলেন তিনি।

বেলা দেড়টার দিকে চট্টগ্রামের উপর দিয়েই উপকূল অতিক্রম করতে শুরু করে ঘূর্ণিঝড় রোয়ানু। আঘাত হানার সময় ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝড়োহাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

ঘূর্ণিঝড় এগিয়ে আসায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সকালের মধ্যেই বন্দরের বিভিন্ন জেটিতে অবস্থানরত বড় জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

সাধারণত ঘূর্ণিঝড়ের সময় বড় জাহাজগুলো গভীর সমুদ্রে নিরাপদ স্থানে নিয়ে ইঞ্জিন চালু রেখে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয় বলে বন্দর কর্মকর্তারা জানান।

বন্দরের বহির্নোঙ্গরে বর্তমানে ১২৭টি জাহাজ রাখা রয়েছে বলে জানিয়েছেন তারা।