চট্টগ্রামে মলম পার্টির কবলে ইনকিলাবের সাংবাদিক
চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট এলাকায় মলম পার্টির কবলে পড়ে টাকা ও মোবাইল ফোন খুইয়েছেন দৈনিক ইনকিলাবের সাংবাদিক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
আইয়ুব আলী দৈনিক ইনকিলাবের চট্টগ্রাম কার্যালয়ের স্টাফ রিপোর্টার।
আইয়ুব আলীর সহকর্মী ইনকিলাবের সাংবাদিক রফিকুল ইসলাম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ৮টার দিকে আইয়ুব জুবিলী রোডের অফিস থেকে বের হন।
“এরপর কোতোয়ালির মোড় থেকে কর্ণফুলী সেতু পর্যন্ত চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি ফিরিঙ্গিবাজার এলাকায় গেলে দুই যুবক জোর করে গাড়িতে উঠে পড়ে। যুবকরা আইয়ুবের গলায় গামছা পেঁচিয়ে চোখে মলম লাগিয়ে দেয়।”
রফিকুল ইসলাম বলেন, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে অটোরিকশা থেকে আইয়ুব আলীকে রাস্তায় ফেলে দেয় ছিনতাইকারীরা।
“সেখানে থাকা ট্রাফিক সার্জেন্ট আবদুর রহমান তাকে উদ্ধার করেন।”
পরে প্রেস ক্লাবের নেতারা খবর পেয়ে তাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেলে যান। পরে সেখান থেকে তাকে নেওয়া হয় চক্ষু হাসপাতালে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী ফরিদ বলেন, চোখে মলম লাগানোয় চিকিৎসকরা তাকে চক্ষু হাসপাতালে নিতে বলেছেন।
“তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।”
