চট্টগ্রামে ভুয়া ড্রাইভিং লাইসেন্সসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি ভুয়া ড্রাইভিং লাইসেন্সসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার মনির আহম্মেদ বাবুল (৩৬) পরিবার নিয়ে কোতোয়ালি থানার কদমতলী সেতু কারখানার রেল গেইট এলাকায় থাকেন। তার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার মোবারক ঘোনা এলাকায়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. হুমায়ন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুরে নগরীর কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বাসা থেকে ৩১টি জাল ড্রাইভিং লাইসেন্স, মোটর সাইকেলের দুইটি ভুয়া নম্বর প্লেইট, সিলসহ বিআরটিএ’র নয়টি রুট পারমিট ফরম জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে গোয়েন্দা কর্মকর্তা হুমায়ন বলেন, মনির বিআরটিএ-তে ‘দালালির’ পাশাপাশি মানুষের কাছ থেকে টাকা নিয়ে জাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে দিত।
প্রতিটি ভুয়া ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে ২০০ টাকা করে খরচ হয় বলেও পুলিশকে জানায় মনির।
পুলিশ কর্মকর্তা হুমায়ন আরও জানান, মূলত মোটর সাইকেল, অটোরিকশা ও মিনি ট্রাকসহ হালকা যানবাহন চালানোর লাইসেন্স জাল করে বিভিন্ন জনের কাছে সরবরাহ করে মনির।
