২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-বাংলাদেশ সম্পর্ক জনগণের মধ্যেও ছড়াতে হবে: শ্রিংলা

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শুধু সরকারগুলোর মধ্যে সীমাবদ্ধ না রেখে দুই দেশের জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 08:23 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তার সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, “সরকারের ‍ওপর সম্পর্ক নির্ভরর্শীল না রেখে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কটার বিস্তৃতি ঘটানো উচিত।

“পাশাপাশি ওই সম্পর্কে পারস্পরিক স্বার্থও নিশ্চিত করতে হবে।”

বৈঠক থেকে বাংলাদেশে আরও এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির কথা জানান ভারতীয় হাই কমিশনার।

জ্বালানিকে সহযোগিতার অন্যতম খাত উল্লেখ করে শ্রিংলা বলেন, ত্রিপুরা হতে কুমিল্লা দিয়ে যে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু হয়েছে সেটাকে ৫০০ মেগাওয়াটে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। দ্রুত আনুষঙ্গিক অন্যান্য কাজও শেষ হবে।

“আর বহরামপুর থেকে ভেড়ামাড়া দিয়ে যে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি হচ্ছে, সেটাকেও এক হাজারে মেগাওয়াটে উন্নীত করা হবে। এছাড়া রামপালে যৌথ উদ্যোগে আমরা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি।”

বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে অবকাঠামোগত উন্নয়নের গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভারতের বড় কোম্পানিগুলোর ১১ থেকে ১৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে আছে। তারা বাংলাদেশকে অর্থনৈতিক সহযোগী হিসেবেই দেখে।

বিনিয়োগের জন্য টেকসই দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর গুরুত্ব দিয়ে এ সময়ে তা দুই দেশের জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান আসে ভারত হাই কমিশনারে পক্ষ থেকে।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ঘনিষ্ট প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সাথে হাতে হাত ধরে চলার নীতি ভারতের প্রবৃদ্ধিকে সম্ভব করে তুলছে। বাংলাদেশ আগালে ভারত আগাবে। ভারত আগালে বাংলাদেশও আগাবে।

“বাংলাদেশের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে ব্যাপক সাফল্য রয়েছে। গত সাত বছরে রপ্তানি বেড়ে দ্বিগুণ হয়েছে, বেড়েছে রেমিট্যান্সও।”

যোগাযোগের নানা ক্ষেত্রে বাংলাদেশের পিছিয়ে থাকার বিষয়টিও তিনি তুলে ধরেন।

“বাংলাদেশের অবস্থান কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও কাজ করতে হবে। রেল, বন্দর, সড়ক যোগাযোগে বাংলাদেশের আরও উন্নতি ঘটাতে হবে। কারণ এটার ‍উপরই অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে।”

বাংলাদেশের ভৌগলিক গুরুত্ব এ অঞ্চলের অন্যান্য দেশের কাছে উন্মুক্ত করারও পরামর্শ দেন তিনি।

সভায় ব্যবসায়ীরা ভারতের বাজারে বাংলাদেশি কোম্পানিগুলোর নন-ট্যারিফ ব্যারিয়ারগুলো নিরসনে হাই কমিশনারের সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যদের মধ্যে চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি মাহবুবুল আলম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমদ, পরিচালক মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম বন্দরের পরিচালক জাফর আলম, শিল্প গ্রুপ বিএসআরএম’র ব্যবস্থাপনার পরিচালক আমীর হোসাইন ও চট্টগ্রাম কাস্টম কমিশনার হোসাইন আহমদ উপস্থিত ছিলেন।