কাঁচা মরিচ-বেগুন-শসার দাম বাড়ে ‘কারসাজিতে’
রমজান শুরুর ১৮ দিন বাকি থাকতেই আলোচনায় উঠে এসেছে রোজার অন্যতম প্রয়োজনীয় পণ্য কাঁচা মরিচ।
বুধবার চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক সভায় কাঁচা মরিচের দাম নিয়ে কারসাজির ঘটনায় প্রশাসনের তোপের মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসন ও পুলিশের এই সভায় কাঁচা মরিচ, বেগুন, শসার দাম বাড়ানোর জন্য ব্যবসায়ীদের দেখানো ‘কারণগুলোকে’ ‘খোঁড়া যুক্তি’ বলে মন্তব্য করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
মেজবাহ উদ্দিন বলেন, কাঁচা মরিচ, বেগুন ও শসা এগুলো তো গুদামজাত পণ্য না। তবুও এগুলোর দাম বাড়ানো হয় নানা কারসাজির মাধ্যমে।
গত রমজানে নিজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, একদিন বাজারে ক্রেতার কাছে জানলাম কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকা। ম্যাজিস্ট্রেট আসার খবরে সে কাঁচা মরিচ হয়ে গেল ২০ টাকা কেজি।
“বিক্রেতার কাছে গিয়ে তার রেজিস্টার্ড বুকে দেখলাম সকাল থেকে নানা দামে সে কাঁচা মরিচ বিক্রি করেছে। সকালে ৮০ টাকা দিয়ে শুরু, তারপর ৬৫ টাকা ও ৬০ টাকা দরে কাঁচা মরিচ বিক্রি করেছে ওই পাইকারি বিক্রেতা।”
রিয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন দাবি করেন, ব্যবসায়ীরা কোনো কৌশলের আশ্রয় নেন না। গাড়ি আসতে দেরি হলে চাহিদা বেড়ে যায়। আর চাহিদা বাড়লে দামও বাড়ে পাল্লা দিয়ে।
“সরবরাহ বাড়লে দাম কমে যায় আর সরবরাহ কমে গেলে দাম বেড়ে যায়। এখানে ব্যবসায়ীদের কোনো কৌশল নাই।”
ব্যবসায়ী নেতা সাইফুদ্দিন অভিযোগ করে বলেন, নগরীর সিটি গেইট থেকে রিয়াজউদ্দিন বাজার পর্যন্ত মোড়ে মোড়ে পুলিশ ও স্থানীয় সন্ত্রাসীদের চাঁদা দিতে হয়, যার ফলে মূল্য কিছুটা বাড়ে।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, গতবার কারণ জানতে চাইলে বিক্রেতারা বলেছিল- ট্রাক আসতে দেরি হয়েছে। এসব খোঁড়া অজুহাত। এখন থেকে পাইকারি বিক্রেতা পণ্য বিক্রির পর খুচরা বিক্রেতাকে রসিদ দিতে হবে। রসিদ দেওয়ার প্রমাণ না পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
“উত্তরবঙ্গ থেকে ট্রাক যাতে স্লো আসে সে জন্য চালকদের নির্দেশও দেওয়া হয়, যাতে এটাকে অজুহাত হিসেবে ব্যবহার করা যায়। এখন থেকে কোনো কারণে ট্রাক কোনো জায়গায় আটকে গেলে আমাদেরকে জানাবেন। দ্রুত গাড়ি যাতে চট্টগ্রাম পৌছায় সেজন্য ব্যবস্থা নেবে প্রশাসন।”
এছাড়াও মূল্য তালিকায় পণ্যের দাম উল্লেখ রাখার নির্দেশনা মেনে চলতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
নগরীর অভিজাতদের বাজার বলে পরিচিত কাজীর দেউড়ি বাজারের সভাপতি আবদুর রাজ্জাক বলেন, অধিকাংশ খুচরা বিক্রেতা কাঁচা মরিচ কিনতে যায় সকালে। ফলে তখন দামও একটু বেশি থাকে। সকাল ১০টার দিকে আড়তে কাঁচা মরিচের দাম কমে যায়।
তিনি বলেন, “পাইকারি ও খুচরা বিক্রির মধ্যে বৈষম্য কমাতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সাথে বৈঠকের আয়োজন করা যায়। এটা হলে কেউ আর সুযোগ নিতে পারবে না।”
সিএমপি কমিশনার ইকবাল বাহারও কাঁচা মরিচের দাম বাড়ার কোনো কারণ খুঁজে পান না।
তিনি বলেন, কাঁচা মরিচ, বেগুন, শসা এগুলো আমদানি করতে হয় না আমাদের। আর এগুলো তো গুদামজাত পণ্য না। গাড়ি যদি আটকে থাকে তাহলে সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে তো হয়।
দ্রব্যমূল্যের পরিস্থিতি মনিটরিংয়ে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত বাজার পরিদর্শন করবে বলে সভায় জানান জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
