চট্টগ্রামে ‘স্বাতন্ত্র্যের অভিন্ন কোরাস’ শিরোনামে আবৃত্তি পরিবেশনা
‘স্বাতন্ত্র্যের অভিন্ন কোরাস’ শিরোনামে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ১৮ সংগঠনের আবৃত্তি পরিবেশনা।
শনিবার বিকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মিলিত আবৃত্তি পরিষদের ব্যানারে হওয়া এ অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।
উদ্বোধনীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, কবিতা মানুষের মনে জ্ঞানের ও মানবিকতার আলো জ্বালিয়ে সকল কূপমণ্ডুকতার বিরুদ্ধে আওয়াজ তুলে।
শহীদজায়া বেগম মুশতারী শফী তার বক্তব্যে বলেন, আবৃত্তিকে গ্রাম-গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়ার কাজ আবৃত্তি শিল্পী ও সংগঠনগুলোর। সম্মিলিত আবৃত্তি পরিষদ সকল আবৃত্তি শিল্পী ও সংগঠনগুলোকে একত্রিত করে সেই কাজ করবে।
উদ্বোধনী পর্বের শুরুতে দেশে গুপ্ত হত্যায় নিহত অসাম্প্রদায়িক চেতনার মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উদ্বোধনের পর ১৮টি দলের প্রায় দুইশতাধিক আবৃত্তি শিল্পী কাজী নজরুল ইসলামের কাণ্ডারী হুঁশিয়ার কবিতাটি পরিবেশনা করেন।
দলীয় আবৃত্তি পরিবেশন করে- প্রমা আবৃত্তি সংগঠন, নরেন আবৃত্তি একাডেমি, নির্মাণ আবৃত্তি অঙ্গন, সূচয়ন ললিতকলা কেন্দ্র, চট্টগ্রাম আবৃত্তি চর্র্চা কেন্দ্র, বর্ণ আবৃত্তি পাঠশালা, বিভাস আবৃত্তি চর্চা কেন্দ্র, কণ্ঠনীড় বাচিক শিল্প চর্চা কেন্দ্র ও রাউজান আবৃত্তি পরিষদ।
একক আবৃত্তি পরিবেশন করে- ফিবেক সাংস্কৃতিক একাডেমি, নানিয়ার চর সংগীত একাডেমি, ত্রিস্বর, কর্ণফুলী শিল্প চর্চা কেন্দ্র, বুনন, বিণয় বাঁশী শিল্পী গোষ্ঠী, উজাণী আবৃত্তি সংগঠন, ঐকতান পরিবার ও ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীরা।
সম্মিলিত আবৃত্তি পরিষদের সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে উদ্বোধনীতে অন্যদের মধ্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল, গ্রুপ থিয়েটার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম বাবু বক্তব্য রাখেন।
